স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ৯-১৫ নভেম্বর অনুষ্ঠেয় ২০১৪ এ্যাপেক সিইও শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আজ চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাত ১১টা ৫৫ মিনিটে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৯ নভেম্বর এশিয়া-প্রশান্ত মহাসাগর অর্থনৈতিক সহযোগিতা (এ্যাপেক)-এর সিইও শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন।
রাষ্ট্রপতি কতিপয় নন-এ্যাপেক এশীয় দেশের সঙ্গে ‘যোগাযোগ অংশীদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক সংলাপে ভাষণ দেবেন বলেও আশা করা হচ্ছে। ৮ নভেম্বর অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং যোগদান করবেন।
শীর্ষ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রপতি চীনা প্রেসিডেন্ট জি জিনপিং ও মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
রাষ্ট্রপতি বাংলাদেশে ফেরার পথে চিকিৎসার জন্য ১১ নভেম্বর চীন থেকে সিঙ্গাপুর যাবেন।
