Skip to content

ইমেজ সঙ্কটে আওয়ামী লীগ!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইমেজ সঙ্কটে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সিটি নির্বাচন নিয়ে নানা মহলে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তেরও আহ্বান জানিয়েছেন। সদ্য সমাপ্ত সিটি নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকরাও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

তবে দলটির নেতারা বলছেন, বিএনপি বর্তমান সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। সিটি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আবার

আন্দোলনের হুমকি দিচ্ছে। দলটি রাজনৈতিক ফায়দা লোটার জন্যই বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। ফলে কূটনীতিকরা নির্বাচনের ব্যাপারে প্রশ্ন তুলছেন। সরকার এসব বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে জাতিসংঘের মহাসচিবকে বলে দিয়েছেন সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো কারচুপি হয়নি। তাই সরকারের ইমেজ সঙ্কট কোনো প্রশ্নই আসে না বলে মনে করেন তারা।

আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়েও দেশে-বিদেশে সমালোচনা হয়েছিল। তাতে সরকারের কিছু যায় আসে না। কারণ ওই সময় সাংবিধানিক ধারা অব্যাহত রাখা সরকারের জন্য চ্যালেঞ্জ ছিল। এরপরেও দেশি-বিদেশি চাপ

উপেক্ষা করে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার।

তাদের মতে, সিটি নির্বাচন বর্জন করে সরকারকে আবারো বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিএনপি। কূটনীতিকরাও এ নির্বাচনের বিরুদ্ধে আঙ্গুল তুলছে। এটা মূলত কূটনীতিকদের অভ্যাসে পরিণত হয়েছে। এ নিয়ে দলের ভেতরে কোনো ধরনের প্রভাব পড়েনি বলেও দাবি করছেন তারা। তবে সিটি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু অনিয়মের কথা স্বীকার করেছেন তারা।

সিটি নির্বাচনে কারচুপির যে অভিযোগ উঠেছে তাতে আওয়ামী লীগ ইমেজ সঙ্কটে পড়েছে কি না- জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি হঠাৎ করেই সকাল বেলা সিটি নির্বাচন বর্জন করে। এতে তাদের প্রার্থীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর ক্ষেপেছেন। এতে আমাদের কোনো ইমেজ সঙ্কট হয়নি। বরং বিএনপিই ইমেজ সঙ্কটে পড়েছে। জনগণ থেকে তারা আবারো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

এ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া জনরোষ থেকে বাঁচতে ও আন্দোলনের পথ থেকে সরে আসতেই সিটি নির্বাচনে অংশগ্রহণ করেন। পরে পরাজয় নিশ্চিত জেনেই পূর্ব পরিকল্পিতভাবে নির্বাচন বর্জন করেন। তিনি নির্বাচন বর্জন করে নতুন আন্দোলনের ইস্যু তৈরি করার ষড়যন্ত্র করছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ইমেজ সঙ্কটে পড়বে কেন? গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন হয়েছে। এ নিয়েও আন্তর্জাতিক মহল নানা কথা বলেছে, তাতে কিছু যায় আসে না। দেশ ঠিকমত চলছে কি না সেটাই দেখার বিষয়।’

এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি এ সব কথাবার্তা বিএনপির রুটিন ওয়ার্ক। আর বিএনপি সুযোগ বুঝে বিদেশিদের কাছে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে নালিশ করছে। কিন্তু একদিন বিএনপির এই মিথ্যাচারের কারণে তাদের সঙ্গে বিদেশিরাও থাকবে না। বিএনপির এই বিদেশি বন্ধুরাও তাদের গত তিন মাসের ধ্বংসাত্মক রাজনীতির জন্য ধিক্কার জানিয়েছে। এখন তারা দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইমেজ সঙ্কটে পড়ার কোনো কারণ নেই। আমরা জনগণের সঙ্গে আছি। বিএনপি সিটি নির্বাচন বর্জন করে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন। কোনো লাভ হবে না।’ বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫