Skip to content

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘জয় বাংলা’ বলে হামলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে ঢাকার রাপা প্লাজার সামনে ধানমন্ডি ২৭ নম্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ‘জয় বাংলা’ বলে কয়েকজন যুবক এ হামলা চালায়। এ সময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে ২০-২৫ জন যুবক অতর্কিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় তারা ‘জয় বাংলা’ বলে হামলা চালালেও পাশে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত শতাধিক পুলিশ নীরব দাঁড়িয়ে ছিল। দু-এক মিনিট হামলা চালানোর পর ওই যুবকেরা পুলিশের পাশে গিয়ে দাঁড়ান।

এ সময় পুলিশ তাদের বলেন, এখানে দাঁড়ানো যাবে না। এ ঘটনার পর গণমাধ্যম কর্মীদের উপস্থিতি বাড়লে ওই যুবকেরা চলে যায়। আবার রাত নয়টার দিকে লাঠি সোঁটা নিয়ে কয়েকজন যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে দ্রুত চলে যান। এ হামলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা আবার পথরোধ করে আন্দোলন শুরু করেন।

পুলিশের নীরব দাঁড়িয়ে থাকার ব্যাপারে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, “আন্দোলনকারীরা নিজেরা নিজেরা মারামারি করছে, আমরা আটকাব কেন? শিক্ষার্থীরা মারামারি করলেও আপনারা থামালেন না কেন- জানতে চাইলে তিনি বলেন, আমাদের থামানোর দরকার কি?”

ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

‘শিক্ষা কি পণ্য, ভ্যাট কি জন্য’-ব্যানার নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে, ধানমন্ডি ২৭ নম্বর রাপা প্লাজা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে ও চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলে। অন্যান্য স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুলিশ ঘিরে রেখেছে। নতুন বার্তা ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫