Skip to content

গাজীপুরে দু’টি জঙ্গি আস্তানায় অভিযানে নিহত নয়

বিশেষ প্রতিনিধি ॥
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান ও নোয়াগাঁও পাতারটেক এলাকায় পৃথক দু’টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে নয় সন্দেহ ভাজন জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগানের অভিযানে দুই জঙ্গি এবং লেবু বাগান থেকে এক কিলোমিটার পূর্বদিকে নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাত জঙ্গি নিহত হয়। একই সঙ্গে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
আজ শনিবার (০৮ অক্টোবর) ভোর ৬টায় হাড়িনালা লেবু বাগান এলাকার আতাউর রহমানের এক তলা একটি বাসায় র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ অভিযানে দুই জঙ্গি নিহত হয়। নিহত একজন এসএসসি পাশ সে কলেজে ভর্তি হওয়ার জন্য এ এলাকায় ভাড়া থাকতেন। অপরজন এইচএসসি পাশ। উভয়ে ছাত্র। দু’মাস আগে এ বাসা ভাড়া নেয়। এদের একজনের বাড়ি নরসিংদী জেলায়। এ অভিযানে একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, বিপুল সংখ্যক গুলি, একটি ল্যাবটব উদ্ধার করা হয়।
র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডর মুফতি মহিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকায় একতলা একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ অভিযান চলাকালে দুই জঙ্গি নিহত হয়েছে। এখনো পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
অপর দিকে সকাল ৯টায় নোয়াগাঁও পাতারটেক এলাকার কলেজ শিক্ষক ওসমানের ভাই প্রবাসী সোলায়মান হোসেনের ২য় তলা একটি ভবনে জঙ্গি সন্দেহে অভিযান চালায় গাজীপুর জেলা পুলিশ। পরে পুলিশের সোয়াত টিম ও এন্টিটেরোরিজম টিম অভিযানে অংশ নেন।
বিকাল প্রায় ৩টা পর্যন্ত থেমে থেমে জঙ্গিদের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে ৭ জঙ্গি নিহত হয়।
বিকেলে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ঘটনায় উপস্থিত হন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ মোখলেছুর রহমান। এছাড়াও দুপুর থেকে অভিযান অংশ নেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অভিযান শেষে দ্বিতীয় তলায় সাত জনের মরদেহ পাওয়া গেছে।
তিনি বলেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর আকাশই নেতৃত্ব দিয়ে নব্য জেএমবিকে সংঘবদ্ধ করার চেষ্টা করেছিল। ওই বাড়িতে আকাশসহ তার সহযোগীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তাতে সাড়া না দিয়ে জঙ্গিরা উল্টো পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় গুলি চালায়। পরে ভবনের দ্বিতীয় তলায় সাত জঙ্গির মরদেহ পাওয়া যায়।
স্থানীয় লোকজন জানান, প্রবাসী সোলায়মান হোসেনের ওই বাড়ির চারটি ইউনিটের মধ্যে নিচ তলার দুটিতে ভাড়াটিয়া রয়েছেন। দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট ফাঁকা। অন্যটিতে জঙ্গিদের অবস্থান ছিল বলে পুলিশ বলছে। এ ফ্ল্যাটটি এক মাস আগে তারা ভাড়া নিয়েছিল। অভিযান শুরুর আগে ওই বাসার আশপাশের লোকজনকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়া হয়।
এদিকে অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশ এলাকার পানি, গ্যাস, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫