স্টাফ রিপোর্টার ॥
চট্রগ্রাম প্রেস ক্লাবে আজ রোববার (১৮ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের উপরে যদি এমন আক্রমন হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে তা ভেবে দেখেন আপনারা। এই আক্রমণ কোন দলের উপরে না গোটা রাজনীতির উপরে হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের উপরে যে আক্রমন হয়েছে তা বড়ই দুঃখ জনক। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সম্প্রতি পাহাড় ধ্বসে ক্ষয়ক্ষতি ও দুর্যোগ পূর্ণ এলাকা পরিদর্শনেই সেখানে যাচ্ছিলাম।’
উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসাখালীতে তার গাড়িতে হামলা চালানো হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৬ জন আহত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপি মহাসচিবের গাড়িবহর রাঙ্গুনিয়ার ইছাখালীতে পৌঁছার পর এ হামলা চালানো হয়েছে বলে বিডি২৪লাইভকে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি পাহাড় ধ্বসে ক্ষয়ক্ষতি ও দুর্যোগ পূর্ণ এলাকা পরিদর্শনেই সেখানে যাচ্ছিলেন বিএনপি মহাসচিব।
