বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ, নেপাল ও ভারতের ১ কোটি ৬০ লাখ মানুষ বন্যার কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) এ তথ্য দিয়ে বলেছে, বন্যা কবলিত এসব মানুষ মানবিক সংকটে মধ্যে রয়েছে।
আইএফআরসি বলছে, বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং তা ১৯৮৮ সালের ভয়াবহ বন্যাকে অতিক্রম করেছে। নেপালের অধিকাংশ এলাকায় বন্যা ও ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের চারটি রাজ্যে ১ কোটি ১০ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে।
আইএফআরসি’র এশিয়া প্যাসিফিক এলাকার উপ আঞ্চলিক পরিচালক মার্টিন ফলার বলেছেন, এ অঞ্চলের মানুষ বন্যায় মারাত্মক মানবিক বিপর্যয়ে পড়ে আসেছে বছরের পর বছর ধরে। এধরনের প্রলংকারী বন্যার কবল পড়ে এসব মানুষের জীবন যাত্রা যাতে বিপর্যস্ত হয়ে না পড়ে এজন্যে উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
নেপাল, বাংলাদেশ ও ভারতের বন্যা কবলিত মানুষ খাদ্য ঘাটতিতে রয়েছে, দুষিত পানিবাহিত রোগে ভুগছে। বাংলাদেশ ও নেপালের এক তৃতীয়াংশ মানুষ বন্যা কবলিত এবং সামনের দিনগুলোতে তারা মানবিক বিপর্যয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা করছেন মার্টিন ফলার।
বিশেষ করে বাংলাদেশে ভারত থেকে ধেয়ে আসা বন্যার পানিতে সার্বিক বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। ভাটির দেশ ও ঘনবসতি হওয়ায় বাংলাদেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল এখন বন্যায় কবলিত। প্রায় ৪০ লাখ মানুষ বন্যায় দুর্ভোগে পড়েছে। কোথাও কোথাও এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
নেপালে বন্যায় খাদ্যের পাশাপাশি বিদ্যুত সংকটও চলছে। এ পর্যন্ত দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে ও ৩৩ জন এখনো নিখোঁজ। নেপাল রেড ক্রস সোসাইটির মহাসচিব দেব রতœা ধাকবা এ তথ্য জানান।
ভারতের আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়ে বলছে, পুরো দক্ষিণ এশিয়ায় আরো প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর আগে বাংলাদেশে ইউনিসেফ বন্যা দুর্গতদের জন্যে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেয়। গত ১৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশে বন্যায় ৮৯ জন মারা গেছে। ১ হাজার ৩৯২টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮২ হাজার ৪’শ বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকায় ১ হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউনিসেফ ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে স্কুল মেরামদে ৯০ হাজার ডলার বরাদ্দ দিয়েছে। এ বরাদ্দ জেলা শিক্ষা কর্তৃপক্ষের মাধ্যমে অস্থায়ী শিক্ষা ব্যবস্থায় খরচ করা হবে। ইউনিসেফের আবাসিক প্রতিনিধি এডুয়ার্ড বেগবেডার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ট সহায়তার মাধ্যমে বন্যাকবলিত মানুষের জন্যে জরুরি সাহায্য অব্যাহত রাখবে।
