বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ সরকারের অক্ষমতার কারণেই মিয়ানমারের হেলিকপ্টার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ সরকারের অক্ষমতার কারণেই মিয়ানমারেরর হেলিকপ্টার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে এবং সীমান্তে প্রতিনিয়ত বাঙ্গালীদের হত্যা করা হচ্ছে। সুতরাং আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, যদি এসব রুখতে না পারেন তাহলে ক্ষমতায় থাকা কী দরকার?
‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের বাড়িতে দুর্গাপূজার প্রস্তুতি সভায় নগ্ন আক্রমনের প্রতিবাদ’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সারাদেশে সরকারের অব্যবস্থাপনার কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি বলেন, যে সময় মিয়ানমার সরকারের সমর্থনে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে, ওই সময় বাংলাদেশের খাদ্যমন্ত্রী মিয়ানমার গেলেন চাল কিনতে। খাদ্যমন্ত্রী যদি বাধ্য হয়েই গেয়ে থাকেন তাহলে স্ত্রীকে কেনো সাথে নিলেন তিনি। সুতরাং এটা ছিল, আনন্দ ভ্রমন!
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটবে। ভোটবিহীন ক্ষমতায় অধিষ্ঠিত্ব এই সরকারকে হটিয়ে জনগণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে।
বিএনপির ত্রাণ সামগ্রী নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, রোহিঙ্গা শিবিরে আওয়ামী লীগ ও মহাজোটের কাউকে আমরা সাহায্য- সহযোগিতা করতে দেখি নাই। তারা শুধু বড় বড় কথা বলেন। আর ওবায়দুল কাদের তো টিপিয়ে টিপিয়ে মিথ্যা কথা বলেন।
মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিয়ানমার ক্রমাগতভাবে আকাশসীমা লঙ্ঘন করছে। কিন্তু বাংলাদেশ সরকান এর কোন প্রতিবাদ করছে না। যুদ্ধ তো দূরে থাক। অত্যন্ত পরিকল্পিতভাবে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে পুজা প্রস্তুতি সভায় সরকারের সমর্থনে পুলিশ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি হামলা ও পুলিশী তান্ডব গণতন্ত্র ও স্বাধীনতার ওপর হামলা। বর্তমান বাংলাদেশ হচ্ছে, সন্ত্রাসী রাষ্ট্র। রাষ্ট্রকে রক্ষা করতে হলে এই সরকারকে হটাতে হবে- বলেন দুদু।
শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ড. সুকোমল বড়ুয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ বক্তব্যে রাখেন। আমাদের সময়.কম
