বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তারা অন্ধকারে দৌড়ঝাঁপ করছে।
সোমবার (২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিং এ আমীর খসরু সরকারের কূটনৈতিক ব্যর্থতার সমালোচনা করে বলেন, লাখ লাখ রোহিঙ্গাকে পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। অন্য কোনো দেশে ঠেলে দিতে সাহস করেনি।
তিনি বলেন, এ ব্যাপারে আগাম তথ্য থাকা দরকার ছিল। এ ক্ষেত্রে সরকারের কূটনৈতিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে। যারা বন্ধু হিসেবে পরিচিত তারাও পাশে নেই।
এদিকে সোমবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বেশি চালাকি করতে গিয়ে দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে না পারলে রোহিঙ্গারা আমাদের জন্য স্থায়ী সমস্যা হয়ে দাঁড়াবে।
তবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, রোহিঙ্গা নিয়ে আমরা সংকটের মধ্যে রয়েছি। যদিও বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যসহ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আগের এবং নতুন করে আগতদের মিলিয়ে ৯ লাখের বেশী রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা এক কোটির উপরে ভারতে আশ্রয় নিয়েছিলাম। আমরা উদ্বাস্তু হবার কষ্টটা বুঝি। তাই আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। এজন্য জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। কিন্তু সমালোচনা করছে শুধু বিএনপি।
তিনি আরো বলেন, বিএনপি নেত্রী এখন লন্ডনে। তিনি মানবতা নিয়ে এই আর্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াননি। তিনি সেখানে যাননি। ছোট মন নিয়ে রাজনীতি হয় না, রাজনীতি করতে হলে মন বড় করতে হয়।
