স্পোর্টস ডেস্ক ॥
ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়, যে কোনো দলের জন্যই কঠিন এক কাজ। উপমহাদেশের দলগুলোর জন্য তো আরও। তবে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা মনে করছেন, একমাত্র ভারতই ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানোর সামর্থ্য রাখে।
জাদেজা আছেন, তার সঙ্গে আছেন আরেক অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কুলদ্বীপ যাদবের মতো তরুণরাও এই অভিজ্ঞদের কাঁধে নিঃশ্বাস ফেলছেন। সবমিলিয়ে শক্তিশালী বোলিং অপশন ভারতকে অন্য দলগুলোর থেকে এগিয়ে রাখছে বলেই দাবি জাদেজার।
বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার মনে করছেন, একমাত্র তাদের দলই ইংল্যান্ডকে ঘরের মাঠে হারানোর যোগ্যতা রাখে, ‘ভারতীয় ক্রিকেটের দারুণ একটি দিক হলো আমাদের যথেষ্ট অপশন আছে। বেশিরভাগ দলের (অভিজ্ঞদের) অবসরের পর ভালো বোলিং অপশন থাকে না। তবে আমাদের এখন সব আছে। এই সিরিজে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব। সত্যিকার অর্থে আমরা মনে করছি, ভারতই একমাত্র দল যারা ইংল্যান্ডকে তাদের মাটিতে হারাতে পারে।’
২০১৪ সালে সর্বশেষ সফরে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে হেরেছিল ৩-১ ব্যবধানে। তবে জাদেজা মনে করছেন, ওই সময়ের চেয়ে তাদের এই দলটি অনেক বেশি শক্তিশালী।
ভারতীয় এই স্পিনারের বিশ্বাস, অভিজ্ঞতার জোরে এবার উল্টো ইংল্যান্ডের উপর প্রভাব বিস্তার করে খেলবেন তারা, ‘টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা খুব বড় একটা বিষয়। হোম কন্ডিশন কাজে লাগানোর মতো ইংল্যান্ডের ফাস্ট বোলার আছে। আমাদেরও কয়েকজন ভালো বোলার আছে। ২০১৪ সালের সফরে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা ছিল না। আমরা জানতাম না, উইকেট বা আবহাওয়া কেমন হবে। আমরা এখন কন্ডিশন সম্পর্কে সতর্ক। টেস্ট ক্রিকেটে এত অভিজ্ঞতা অর্জনের পর আমরা তো মনে করছি, এবার তাদের উপর প্রভাব বিস্তার করেই খেলব।’ সূত্র: জাগোনিউজ২৪.কম
