Skip to content

অজ্ঞাত স্থানে মুরসি-অ্যাশটন ২ ঘণ্টা বৈঠক, পিছু হটেনি সমর্থকরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা এখনও পিছু ফিরে যান নি। তারা শোককে শক্তিতে পরিণত করে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের এক দাবি, মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করতে হবে। শনিবার ভোরে সেনারা মুরসি সমর্থকদের ওপর গুলি করে ১৫০ জনকে হত্যা করে। তবে সরকার এ সংখ্যাকে অর্ধেক বলে দাবি করে। এত বিপুল মানুষকে প্রকাশ্যে গুলি করে হত্যার নিন্দা উঠে বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে। মিডিয়ায় হত্যাকাণ্ডের যেসব ছবি প্রকাশ হয়েছে তা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। এ অবস্থায়ও মুরসি সমর্থকরা ঘরে ফিরে না যাওয়ার শপথ নিয়েছেন। গতকাল তাদের বিশাল র‌্যালি করার কথা। কিন্তু সেনা সমর্থিত তদারকি সরকার তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, আইন লঙ্ঘন হলেই তারা যথাযথ পদক্ষেপ নেবে। ফলে শনিবারের ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা এ আশঙ্কা ছিল গতকাল সবার মধ্যে। রাজধানীর উত্তর-পূর্বে অবস্থিত রাবা আল আদায়িয়া মসজিদে অবস্থান নিয়েছে মুরসি সমর্থকরা। নিরাপত্তা কর্মকর্তারা তাদের সেখান থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছে। কিন্তু তারা ওই এলাকা না ছাড়তে বদ্ধপরিকর। এ অবস্থায় সেখানে বড় ধরনের কোন সহিংস ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওদিকে মিশর সফরে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন। তিনি কথা বলেছেন মুরসির সঙ্গে। বলেছেন, তার সঙ্গে সোমবার তার প্রায় ২ ঘণ্টা কথা হয়েছে। এরপর অ্যাশটন বলেছেন, মুরসি ভাল আছেন। তাকে টেলিভিশন, সংবাদপত্র দেয়া হয়েছে। দেশের পরিবর্তিত সব ঘটনা তাকে জানানো হচ্ছে। তবে মুরসির সঙ্গে ২ ঘণ্টায় কি আলোচনা করেছেন এ বিষয়ে মুখ খোলেন নি। ক্যাথেরিন অ্যাশটনের মুখপাত্র মাজা কোসিজানসিক গতকাল সকালের দিকে ঘোষণা দেন, প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তার সঙ্গে প্রথম সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। কোন কোন রিপোর্টে বলা হয়েছে, মুরসির সঙ্গে সাক্ষাৎ করাতে অ্যাশটনকে একটি সামরিক হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়। এ থেকে পরিষ্কার হয়ে যায় যে, মোহাম্মদ মুরসিকে রাজধানী কায়রোর বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে ক্যাথেরিন অ্যাশটন গতকাল সংবাদ সম্মেলনে বলেন, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ, খোলামেলা আলোচনা হয়েছে। আমরা দু’ঘণ্টা কথা বলেছি। ঘটনার গভীরতা নিয়ে আলোচনা হয়েছে। আমি তাকে বলেছি, তার দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করতে যাচ্ছি না আমি। এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান মুরসিকে কোথায় আটক রাখা হয়েছে। জবাবে তিনি বলেন, আমি জানি না তিনি কোথায়? তিনি যে ভবনে আছেন সেখানে তার সঙ্গে আমার কথা হয়েছে। এ সময় তিনি বলেন, তিনি মিশরের দু’পক্ষের সঙ্গেই কথা বলেছেন। তাদেরকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন চায় মিশরের মানুষের ভবিষ্যৎ পথ নির্ধারণে সহায়তা করতে। এই বিরাট ঐতিহ্যময় দেশটিকে এগিয়ে যেতে হবে। এখন প্রয়োজন শান্ত মাথায় পরিস্থিতি সামাল দেয়া।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫