Skip to content

টিভির মতো বিজ্ঞাপন দেখাবে ফেসবুক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ টিভির মতো বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। পরিচয় প্রকাশে অনিচ্ছুক কোম্পানিটির একটি সূত্র এ তথ্য প্রকাশ করে। সূত্রটি জানায়, কোম্পানিটি চলতি বছরের শেষ থেকে এ ধরনের কার্যক্রম শুরু করবে।

টিভিতে ১৫ সেকেন্ডের যে ধরনের বিজ্ঞাপন দেখানো হয়; সেরকমই কনটেন্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এ ধরনের বিজ্ঞাপন প্রকাশের জন্য আগ্রহী প্রতিষ্ঠানকে ২৫ লাখ ডলার পরিশোধ করতে হবে। ১১৫ কোটি গ্রাহকের সাইট ফেসবুক গত বছরের মে মাস থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে কোম্পানিটির শেয়ারপ্রতি ভিত্তিমূল্য ৩৮ ডলারের চেয়ে বেশি রয়েছে।

কোম্পানিটির এ ধরনের কার্যক্রমের ফলে বিভিন্ন প্রতিষ্ঠান তিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। টেলিভিশন শিল্পসহ বিভিন্ন প্রযুক্তিসংশ্লিষ্ট কোম্পানি বিশেষ করে গুগলের বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের পরিমাণ হ্রাস পাবে বলেও মন্তব্য করেন তারা। এ কারণে বিশ্বের শীর্ষস্থানীয় সার্চইঞ্জিনটি তাদের বিজ্ঞাপন প্রকাশের অন্যতম মাধ্যম ইউটিউবের বিভিন্ন ফাংশন উন্নত করার জন্য এরই মধ্যে অর্থ সংগ্রহ শুরু করেছে।

বিশ্বের ইন্টারনেটভিত্তিক অজস্র সাইট রয়েছে। এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ব্রাউজ করা হয় তার মধ্যে ফেসবুক অন্যতম। গত প্রান্তিকের হিসাবে ফেসবুকের মোট গ্রাহকের ৬১ শতাংশই প্রতিদিন তাদের অ্যাকাউন্ট চেক করেন। এ কারণে ফেসবুক টিভির মতো বিজ্ঞাপন প্রচারের এ ধরনের কার্যক্রম শুরু করলে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য ফেসবুককে অধিক প্রাধান্য দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে বিভিন্ন টেলিভিশন চ্যানেল তাদের বিজ্ঞাপন থেকে আয়ের একটি বড় অংশ হারাতে পারে বলে আশঙ্কা তাদের।

তবে ক্যালিফোর্নিয়াভিত্তিক ফেসবুক মেনলো পার্কের একজন মুখপাত্র এলিজাবেথ ডায়ানা এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিজ্ঞাপন প্রচারের খবরে কোম্পানিটির শেয়ারের মূল্যবৃদ্ধি পেয়েছে। ২০১২ সালের মে মাসে কোম্পানিটি পাবলিক হওয়ার পর থেকে তাদের শেয়ারের মূল্য নিম্নগামী ছিল। কিন্তু বিজ্ঞাপন প্রচারের এ ধরনের খবরের কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি মূল্যবৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫