স্টাফ রিপোর্টার ॥
রাজশাহী: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ঈদের প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন।
ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন।
মহানগরীর গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোকসজ্জাকরণ। রাজশাহী সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সড়কে ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সজ্জিতকরণ।
রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় হযরত শাহ্ মখদুম (রঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বিশাল এই ঈদ জামায়াতের ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রঃ) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে হযরত শাহ্ মুখদুম (রঃ) দরগা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় সাহেব বাজার বড় রাস্তায় এবং একই সময়ে মুহম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।
এছাড়া পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট জামে মসজিদ, পাঁচআনী মাঠ, কাদিরগঞ্জ হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠ, সুলতানাবাদ জামে মসজিদ, সিরোইল স্কুল মাঠ, বটতলা, পুলিশ লাইন মাঠ, মহিষবাথান ঈদগাহ মাঠ, হড়গ্রাম ঈদগাহ, সিটি বাইপাস ঈদগাহ মাঠসহ নগরীর মোট ৬০টি ঈদগাহে বড় বড় জামায়াত অনুষ্ঠিত হবে।
ঈদের জামায়াত শেষে দেশ ও জাতির অব্যাহত, সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহ’র সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
এদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলখানা, শিশু সদন, শিশু নিবাস, সেফ হোম, ছোট মণি নিবাস, শিশু কেন্দ্র, শিশু পল্লী ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদ উদযাপনে সিটি কর্পোরেশনও পৃথকভাবে উদ্যোগ নিয়েছে।
আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন ব্যতয় না ঘটে এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
