স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাণী প্রদান করছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল ফিতরের আবেদন চিরন্তন।
রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ঈদ মানে আনন্দের বন্যা, খুশির জোয়ার।
তিনি বলেন, প্রতি বছর মাসব্যাপী সিয়াম সাধনার পর উচ্ছ্বাস, উদ্ভাস, আনন্দ, খুশি আর ভালোবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল ফিতর।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে স¤প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ দিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
ঈদের আনন্দ বিরাজমান হোক প্রত্যেক ঘরে ঘরে এবং ঈদ-উল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করুক এ প্রত্যাশা করে রাষ্ট্রপতি সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর পবিত্র ঈদ কামনা করেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল ফিতর।
শেখ হাসিনা মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদ মোবারক জানান।
তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।
ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল ফিতরের দিন সকাল সাড়ে ৯টা থেকে রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে এবং সাড়ে ১১টায় কূটনীতিবিদ ও বিচারপতিদের সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
