স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ভুয়া সাংবাদিক পরিচয়ধারী এক শিবিরকর্মীকে আটক করেছে র্যাব।
জামায়াতের ডাকা দুইদিনের হরতালের প্রথমদিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাদপুরের এসএন ইলেক্ট্রনিকস্ দোকানের সামনের গলি থেকে বের হয়ে হরতাল সমর্থনকারী কিছু দুষ্কৃতিকারী ৫ থেকে ৬টি ককটেল ফাটিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালায়। অদূরে মোতায়েন থাকা র্যাবের টহল ও গোয়েন্দা দল ঘটনাস্থলে পৌঁছায়।
সেখান থেকে ইসমাইল হোসেন বাবু নামে শিবিরকর্মীকে আটক করা হয়। গ্রেপ্তারের পর পরই তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আইডি কার্ড প্রদর্শন করেন, যা ভুয়া আইডি কার্ড হিসেবে প্রমাণিত হয়। এছাড়াও তার পকেটে আরও একটি আইডি কার্ড পাওয়া যায় যেটিও ভুয়া বলে প্রমাণিত হয়।
