স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পযর্ন্ত এ বৈঠক চলে। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীও উপস্থিত ছিলেন।
মাকির্ন রাষ্ট্রদূতের ঢাকাস্থ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি দীর্ঘ সাড়ে তিন ঘন্টা ধরে চলে।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও দেশের চলমান কিছু ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে কূটনৈতিক সূত্র দাবি করেছে।
সাম্প্রতিক একটি ঘটনা ও যুদ্ধাপরাধের বিচার নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। পুতুল ও মজীনার এ বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলেও সূত্র উল্লেখ করেছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
ওইদিন রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক করেন সায়মা ওয়াজেদ পুতুল । বৈঠকটি ভারতের রাষ্ট্রদূতের ঢাকাস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুতুল ও শরণের মধ্যে দেশের চলমান রাজনীতি, অর্থনীতিসহ সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
