Skip to content

ম্যানইউ’র বড় জয়, উচ্ছ্বাস নেই রুনি’র

স্পোর্টস ডেস্ক ॥ বৃষ্টি-বাদলে ওয়েলসের কনকনে শীতে শনিবার রেড ডেভিল ভক্তদের আলাদা উষ্ণতা ছিল। এদিন দাপুটে জয়ে এবারের প্রিমিয়ার লীগ শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওয়েলসের লিবার্টি মাঠে রেড ডেভিলরা ৪-১ গোলে পরাস্ত করে সোয়ানসি সিটিকে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা একইসঙ্গে দেখেছেন দলে বিরূপ চিত্রও। দলের নৈপুণ্য উজ্জ্বল রাতে ভিন্ন ঘটনা দেখালেন ম্যানইউ স্ট্রাইকার ওয়েইন রুনি। গোল আদায় শেষে মাঠে উচ্ছ্বসিত সতীর্থদের উদযাপনে এদিন যোগ দিতে দেখা যায়নি এ ইংলিশ স্ট্রাইকারকে। শনিবার ১-০ গোলের জয় নিয়ে শুভ সূচনা করেছে জায়ান্ট দল লিভারপুলও। কিন্তু মওসুমের শুরুতেই নাস্তানাবুদ অভিজ্ঞতা আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের। লন্ডনে নিজেদের অ্যামিরেটস মাঠে শনিবার আর্সেনাল ৩-১ গোলে হার মানে প্রিমিয়ারে মাঝারি শক্তির দল অ্যাস্টন ভিলার কাছে। প্রিমিয়ার লীগে নতুন ক্লাব মালিক পাকিস্তানি বংশোদ্ভূত শহীদ খানের শুরুটাও হলো নিজ দলের জয় দেখে। যুক্তরাষ্ট্র প্রবাসী এ ধনকুবেরের সদ্য মালিকানায় শনিবার ফুলহ্যাম প্রতিপক্ষ মাঠে ১-০ গোলে হারায় সান্ডারল্যান্ডকে। পেশাদার ক্যারিয়ারে গত কয় মওসুম ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিজের আলাদা মর্যাদাই দেখছিলেন ওয়েইন রুনি। তবে এখনকার চিত্র ভিন্ন। গত মওসুম দলে ভেড়া ডাচ্ স্ট্রাইকার রবিন ফন পার্সি এখন ম্যানইউ দলে আগ্রহের কেন্দ্রে। আর গত প্রিমিয়ার লীগে ২৪ গোলে সর্বোচ্চ গোলদাতা পার্সি এবার মওসুমের শুরুতেও দেখাচ্ছেন নৈপুণ্যের ঝলক। নতুন মওসুমের শুরুতে উইগান অ্যাথলেটিকসকে ২-০ গোলে হারিয়ে এবারের কমিউনিটি শিল্ড জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। শিল্ডের লড়াইয়ে ম্যানইউ’র দুই গোলই ছিল পার্সির। শনিবার সোয়ানসির বিপক্ষে ম্যানইউ’র উড়ন্ত জয়েও পার্সির জোড়া গোল। ম্যাচে জোড়া গোলের নৈপুণ্য দেখান ইনফর্ম রেড ডেভিল তারকা ড্যানি ওয়েলবেকও। ম্যানইউ’র বিপক্ষে শেষ দুই ম্যাচে গোল পেয়েছিলেন সোয়ানসির স্প্যানিয়ার্ড স্ট্রাইকার মিচু। শনিবারও ম্যাচের ১৯ মিনিটেই ম্যানইউ জালে গোল ঠেলেছিলেন মিচু। তা বাতিল হলে ২৪ মিনিটে মিচুর অপর জোরালো গোল চেষ্টা নস্যাৎ করেন ম্যানইউ’র স্প্যানিয়ার্ড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। টানা ২৫ বছর শেষে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসেনের বিদায়ে ম্যানইউ’র দায়িত্ব নিয়েছেন ডেভিড ময়েস। কিন্তু প্রাক মওসুম খেলায় অনুজ্জ্বল ম্যানইউ’র নতুন কোচ শনিবার চাপেও ছিলেন আলাদা। আর বড় জয়ে প্রিমিয়ারে ম্যানইউ অভিষেক শেষে ময়েসের কণ্ঠেও আত্মবিশ্বাস। বলেন, মাত্র শুরু। মওসুমজুড়ে ম্যানইউ এমনই খেলুক চাইবো আমি। শনিবার ম্যানইউ একাদশের বাইরে ছিলেন রুনি। পরে রায়ান গিগসের বদলি হয়ে খেলতে নেমে এ ইংলিশ স্ট্রাইকারের বল পায়ে নৈপুণ্যটাও ছিল ভাল। আর ওয়েইন রুনির প্রতি আগ্রহটা জীবিতই রেখেছে প্রিমিয়ারে অপর জায়ান্ট দল চেলসি। আগামী ২রা সেপ্টেম্বর বন্ধ হচ্ছে এবারের দলবদল।

ম্যাচের ফল
সোয়ানসি ১-৪ ম্যানইউ
আর্সেনাল ১-৩ অ্যাস্টন ভিলা
লিভারপুল ১-০ স্টোক সিটি
নরউইচ ২-২ এভারটন
সান্ডারল্যান্ড ০-১ ফুলহ্যাম
ওয়েস্টব্রম ০-১ সাউদাম্পটন
ওয়েস্ট হ্যাম ২-০ কার্ডিফ সিটি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫