Skip to content

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: জাবেদ আলী

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য ও প্রতিবেশী ভারতে সম্ভব হলে বাংলাদেশেও দলীয় সরকারের অধীনে ‘সুষ্ঠু’ নির্বাচন সম্ভব বলে মনে করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে নিজ দপ্তরে কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার জাবেদ আলী এমন সময় এ ধরনের মন্তব্য করেছেন, যখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা ও সংসদ বহাল রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে খোদ ক্ষমতাসীন মহাজোটের শরিকরাও সংশয় প্রকাশ করছে।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে লেভেল ফ্লেয়িং ফিল্ড তৈরি করতে সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপি) অথবা আচরণবিধি সংশোধন করা হবে।

নির্বাচন কমিশনার বলেন, ‘যে কোনো আসনে যেসব প্রার্থী থাকবেন, তাদের জন্য নির্বাচনী প্রচার-প্রচারণায় সমান সুযোগ রাখা আমাদের কর্তব্য। রিটার্নিং অফিসারদের যেভাবে কাজ করার দরকার, আমরা সেভাবে কাজ করার নির্দেশ দেব। আর সে অনুযায়ী আচরণবিধি সংশোধন করা হবে।’

বর্তমান আরপিও দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব কিনা- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে আরপিও সংশোধন করতে হলে করবো। যদি আচারণবিধি সংশোধন করে নির্বাচন করা যায় তাহলে আরপিও সংশোধনের প্রয়োজন নেই।’

বর্তমান রাজনৈতিক অবস্থায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে জাবেদ আলী বলেন, ‘যুক্তরাজ্য ও প্রতিবেশী ভারতে সম্ভব হলে, আমাদের দেশেও হবে। সবার জন্য সমান সুযোগ রাখতে যা কিছু করা প্রয়োজন আমরা তাই করবো।’

রাজনৈতিক বিশ্লেষক ও সংবিধান বিশেষজ্ঞদের কাছে পরমার্শ চাওয়া হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাদের সহযোগিতা নেয়া প্রয়োজন, তাদের কাছ থেকে সহযোগিতা নেয়া হবে।’

প্রধানমন্ত্রী সরকারি টাকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন, এতে কমিশনের কিছু করার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তফসিলের পর আমাদের কাজ শুরু হবে। তবে কোনো সরকার ক্ষমতায় এসে পরদিন থেকেই পরবর্তী নির্বাচনের জন্য ভোট চাইলে সেখানে আমাদের করণীয় কিছু নেই।’

দলগুলোকে একই মঞ্চে আনার ব্যাপারে কোনো চিন্তা আছে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘সিটি করপোশেন নির্বাচন আমরা সেটা করেছি। জাতীয় নির্বাচনে এখনো চিন্তা করেনি।’

রাজনৈতিক সংঘাত নিরসনে কমিশনের কোনো পরিকল্পনা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক দলগুলোর কাজ, আমাদের নয়। আমাদের সামনে সংবিধান আছে, আমরা সেভাবে এগিয়ে যাবো।’

বিরোধী জোটের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জাবেদ আলী বলেন, ‘আমরা সকলকে অনুরোধ জানাবো যেন উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশ নেয়।’

তফসিল ঘোষণার বিষয়য়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্রগুলো প্রস্তুত করে তারপর তফসিল ঘোষণা। এখন প্রস্তুতি চলছে, যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫