Skip to content

১২ টাকায় ডিমের হালি!

স্টাফ রিপোর্টার ॥ খুচরায় প্রতি হালি ডিম ৩০-৩৪ টাকায় বিক্রি হলেও সরকারি খামারে এর দাম ১২ টাকা। যদিও এ মূল্যসুবিধা পাচ্ছেন না ভোক্তারা। খামার কর্মকর্তারা নিজেরাই কম দামে এসব ডিম কিনে নিয়ে পাইকারদের কাছে ২৪-২৮ টাকায় বিক্রি করছেন। এভাবে প্রতি হালি ডিম থেকে ১২-১৬ টাকা বাড়তি আয় করেন তারা।

একই অবস্থা সরকারি খামারের বিভিন্ন বয়সী মুরগির বাচ্চা, কালিং (ডিম দেয়ার অনুপযুক্ত) মুরগি ও হাঁসের ক্ষেত্রেও। সবই নির্ধারিত মূল্যের দেড় থেকে দ্বিগুণে বিক্রি হচ্ছে। এটা চলছে ২০০৮ সাল থেকে।

জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মোসাদ্দেক হোসেন বলেন, খামারে প্রতি হালি ডিম ১২ টাকা দরেই বিক্রি হয়। তবে খামার থেকে কিনে নেয়ার পর কেউ যদি বেশি দামে বিক্রি করে, সেক্ষেত্রে তাদের কিছু করার নেই।

সরকারি পর্যায়ে দেশে হাঁস-মুরগির খামার রয়েছে ২৭টি। এসব খামারে উৎপাদিত ডিমের নির্ধারিত মূল্য প্রতি হালি ১২ টাকা। এক দিন বয়সী মুরগির বাচ্চার নির্ধারিত দাম প্রতিটি ১২ টাকা ও ২ থেকে ২৮ দিন বয়সীর ২৫ টাকা। এছাড়া বয়স্ক মুরগি ১৩০ টাকা, কালিং মুরগি প্রতি কেজি ৮০, কালিং হাঁসের কেজি ৭০ ও ড্রেসড হাঁসের ৮৫ টাকা।

তবে এ দামকে অস্বাভাবিক কম বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। এ বিবেচনায় নতুন দাম প্রস্তাব করেছেন তারা। এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠিয়েছেন অর্থ সচিব ফজলে কবির। তাতে প্রতি হালি ডিমের দাম প্রস্তাব করা হয়েছে ২২ টাকা। এছাড়া এক দিনের বাচ্চার দাম প্রস্তাব করা হয়েছে ২০ টাকা, ২ থেকে ২৮ দিনের ৫০, বয়স্ক মুরগির ১৫০, প্রতি কেজি কালিং মুরগির ১০০, কালিং হাঁসের ৯০ ও ড্রেসড হাঁসের ১০০ টাকা। পাশাপাশি সরকারি খামারে হাঁস-মুরগির খাদ্য ক্রয় ও ডিম বিক্রিতে আরো স্বচ্ছতা আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

ঢাকার মিরপুর ও সাভারের সরকারি খামারে খোঁজ নিয়ে অনিয়মের এ চিত্র পাওয়া গেছে। একই অনিয়ম চলছে ঢাকার বাইরেও।

দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই ট্রাকে বা অন্য কোনো বাহনে ডিম আসে কারওয়ান বাজারে। এর মধ্যে সরকারি খামারের ডিমও থাকে। এ বাজারের ডিমের পাইকারি বিক্রেতা মেসার্স আমানত এন্টারপ্রাইজের দায়িত্বরত কর্মচারী জাহিদুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ডিম আনা হয়। সরকারি-বেসরকারি সব ধরনের খামার থেকেই একই দামে ডিম কেনা হয়। বিভিন্ন এলাকায় এজেন্টদের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হয়।

বেসরকারি খামারমালিকদের তথ্যমতে, প্রতি হালি ডিম উৎপাদনে তাদের খরচ হয় ২৪-২৬ টাকা। আর সরকারি খামারগুলোর উত্পাদন খরচ ২০ টাকা বলে দাবি করছে তারা। এ হিসাবে প্রতি হালি ডিমে ৭-৮ টাকা লোকসান করছে সরকার।

ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মশিউর রহমান বলেন, বেসরকারি অপেক্ষা সরকারি খামারে খরচ বেশি হওয়ার কথা। সে হিসাবে প্রতি হালি ডিম উত্পাদান খরচ পড়বে কমপক্ষে ২৮ টাকা। ১২ টাকা হালি দরে এ ডিম বিক্রিতে বিস্ময় প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫