বিনোদন ডেস্ক ॥ বিক্রম ভাটের ‘হেট স্টোরি’ ছবির মুক্তির পর থেকেই কলকাতার অভিনেত্রী পাওলি দাম ইদানীং সংবাদ আর আলোচনায় নিয়মিতই আসছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। এর প্রধান কারণ ছবিতে তাঁর খোলামেলা অভিনয়। সম্প্রতি বাংলাদেশের নির্মাতাদের পাওলি-প্রীতিও ইদানীং চোখে পড়ার মতো বিষয়।
অনেকের ধারণা ছিল, ‘হেট স্টোরি’ ছবির পর বলিউডে নিজের আসনটা পাকাপোক্ত করে ফেলতে পারবেন পাওলি; কিন্তু তা আর হয়নি। তাই বলে কি বসে আছেন তিনি? না, তেমনটিও নয়। পাওলি আপন গতিতে কাজ করে চলেছেন। ‘হেট স্টোরি’ ছবির পর বলিউডে ‘অঙ্কুর অরোরা মেডিকেল কেস’ নামের একটি ছবির কাজ করেছেন। ছবিটি এরই মধ্যে মুক্তিও পেয়েছে; কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। সম্প্রতি পাওলি বলিউডের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন চুক্তি হওয়া ছবিটির নাম ‘ইয়ারা সিলি সিলি’।
কলকাতা কিংবা বলিউড, ছবিতে ব্যস্ততার কারণে পাওলিকে নিয়ে বাংলাদেশি কিছু নির্মাতাও বেশ আগ্রহী হয়ে উঠেছেন। তাঁদের মতে, পাওলির মতো একজন অভিনয়শিল্পী তাঁদের ছবির জন্য বড়ই প্রয়োজন। এরই মধ্যে কয়েকজন নির্মাতা বিভিন্ন সময়ে পাওলির সঙ্গে কয়েক দফা আলোচনা সেরে ফেলেছেন বলেও খবর পাওয়া গেছে।
