স্টাফ রিপোর্টার ॥ অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলেও শেষ পর্যন্ত রাজনীতির দিকেই ঝুকতে শুরু করেছে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। আগামী দশম নির্বাচনে অংশ নেয়ার জন্য ৫০টি আসনের ভাগ চেয়ে প্রস্তাব দিতে যাচ্ছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে। তবে তাদের প্রধান টার্গেট চট্টগ্রাম এলাকা। এদিকে হেফাজতের এ প্রস্তাবকে আপাতত তেমন গুরুত্ব দিতে রাজি নন বিএনপি-জামায়াতের নেতারা।
শনিবার বেসরকারি টেলিভিশন সময়-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিগত ২০১০ সালে প্রস্তাবিত নারী নীতির বিরোধিতার মাধ্যমে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ধর্মীয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী সময়ে ১৩ দফা দাবি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ বড় আকারে আবির্ভূত হয় হেফাজতে ইসলাম। সর্বশেষ গত ৫ মে ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মতিঝিল শাপলা চত্বর স্থায়ীভাবে অবস্থান নিতে চায় হেফাজত কর্মীরা।তবে সেখান থেকে রাতে অভিযান চালিয়ে তাদেরকে বিতাড়িত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে হেফাজতের আর তেমন কোন কর্মকান্ড চোখে পড়ছেনা। তবে সর্বশেষ তাদের এখন নির্বাচনী প্রস্তুতি চলছে বলে জানা যায় বেসরকারী ঐ টেলিভিশনের প্রতিবেদনে।। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেন-দরবার করছে তারা।
সময় টেলিভিশন আরো জানায়, আদর্শগত মিল থাকার কারণে নির্বাচনে অংশ নিতে বিএনপি-জামায়াত জোটের প্রতি আগ্রহ বেশি সংগঠনটির।
তবে বিএনপি নেতারা বলছেন, ১৮ দলীয় জোটের শরীকদের মধ্যে আসন ভাগাভাগি হওয়ার পরে তাদের বিষয়টি দেখা যাবে।
প্রতিবেদনে তথ্য অনুযায়ী, বৃহত্তর চট্টগ্রাম থেকে হেফাজতে ইসলাম সাতটি আসন দাবি করছে। তার মধ্যে বর্তমানে তিনটি বিএনপি এবং চারটি আওয়ামী লীগ ও মহাজোটের শরিক জাতীয় পার্টির দখলে রয়েছে একটি।
