Skip to content

অভিষেকে মিশ্র অভিজ্ঞতা বেলের

স্পোর্টস ডেস্ক ॥ বল পায়ে রিয়াল মাদ্রিদ দলে অভিষেক হলো এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলের। আর অভিষেকে এ ফুটবলারের অভিজ্ঞতাটা হলো মিশ্র স্বাদের। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রথম ম্যাচেই গোল পেলেন গ্যারেথ বেল। তবে ম্যাচ শেষে মওসুমে প্রথম পয়েন্ট খোয়ালো তার দল রিয়াল মাদ্রিদ। শনিবার স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে রিয়ালের ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্রতে। লীগে টানা তিন জয়ের পরিসংখ্যান নিয়ে এদিন পরস্পরকে মোকাবিলা করছিল মাদ্রিদ-ভিয়ারিয়াল। তবে শতভাগ সাফল্য জারি রয়েছে স্পেনের অপর দুই জায়ান্ট দল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদে। শনিবার উভয়েই কুড়িয়েছে লীগে টানা চতুর্থ জয়। দলবদলে রেকর্ড ৮৫.৩ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে ভিড়ে এদিন আগ্রহের কেন্দ্রেও ছিলেন যথারীতি গ্যারেথ বেল। কোচ আনচেলত্তি বেলকে নিয়েই সাজান তার একাদশ। তবে নিজ মাঠে ম্যাচে ফরোয়ার্ড কানিংয়ের গোলে প্রথম সাফল্যটা পায় ভিয়ারিয়ালই। ৩৮ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান গ্যারেথ বেল। দ্বিতীয়ার্ধে রিয়ালকে এগিয়ে নেন মাত্রই বিশ্বের সর্বোচ্চ বেতন-ভাতায় নিজের নামে নিশ্চয়তা পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো। এ পর্তুগিজ ফুটবলারের সঙ্গে চলতি মাসেই পাঁচ বছরের নতুন চুক্তি করতে যাচ্ছে রিয়াল। নতুন চুক্তিতে সপ্তাহে সর্বাধিক ১৫০০০০ মিলিয়ন পাউন্ড বেতন তুলবেন রোনালদো। শনিবার বেল-রোনালদোর যুগল গোলে ম্যাচের এ পর্যন্ত ঠিক ঠিকই ছিল। তবে চলতি মওসুম দুরন্ত ফর্মের দল ভিয়ারিয়াল ৭০ মিনিটে সমতায় ফিরলে ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করতে হয় রিয়ালকে। অ্যাঞ্জেল ডি মারিয়াকে জায়গা ছাড়ার আগে এদিন ম্যাচে গ্যারেথ বেল খেলেন ৬২ মিনিট। চলতি মওসুম পুরো ম্যাচে এখনও খেলতে দেখা যায়নি বেলকে। প্রাক-মওসুমের পুরোটাই বেল ছিলেন খেলার বাইরে। ওয়েলসের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচে খেলেন ৩২ মিনিট। তবে শনিবারের ড্র শেষে সুস্থ গ্যারেথ বেলকে দেখতে চাওয়ার প্রার্থনা নিশ্চয় আরও লম্বা হচ্ছে মাদ্রিদিস্তাদের। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে কঠিন ম্যাচে রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে লড়াকু তুর্কি দল গালাতাসারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫