জেলা প্রতিনিধি, মাগুরা ॥ সরকার কমিশনের লোভে সুন্দরবন ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
তিনি বলেন, ‘সরকার কমিশনের লোভে বিকল্প পথে বিদ্যুৎ উৎপাদনের না করে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে। দেশের মানুষকে তারা ভেড়ার পাল মনে করে বলেই জনগণের জনদাবি মানছে না।’
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাগুরার পৌরভবনের সামনে পথ সভায় তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় কমিটি মাগুরা সদরের বিভিন্ন এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে।
পথসভায় আনু মুহাম্মদ বলেন, ‘সুন্দরবন কারো টাকায় বা ঋণে তৈরি হয়নি। সুন্দরবন প্রাকৃতিক সম্পদ, এই সম্পদের মালিক দেশের জনগণ। দেশের জনগণের সম্পদ নষ্ট করার অধিকার কারো নেই।’
উপস্থিত জনতার উদ্দেশে আনু মুহাম্মদ বলেন, ‘দেশের সম্পদ বাঁচাতে দেশের মানুষকে সচেতন হতে হবে। সরকারের মুনাফার জন্য দেশের সম্পদ নষ্ট করা যাবে না।’
নিজেদের স্বার্থেই সুন্দরবন রক্ষায় সকলকে আন্দোলনে অংশ নেবার আহ্বান করেন আনু মুহাম্মদ। এদিকে সমাবেশের সময় স্থানীয় লোকজন সমাবেশে অংশ নিয়ে সমর্থন জানায়।
মাসুদুর নামের এক ব্যবসায়ী বলেন, ‘বিদ্যুৎ আমার চাই। কিন্তু দেশের পরিবেশ যদি নষ্ট করে বিদ্যুৎ সুফল আনবে না। আমরা চাই সরকার সুন্দরবনের পাশে বিদ্যুৎ কেন্দ্র না করে অন্য স্থানে করুক।’
সমাবেশ শেষে লং মার্চ ঝিনাইদহের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে একটি জনসভা করবে জাতীয় কমিটি।
