জেলা প্রতিনিধি, চাঁদপুর ॥ চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় ৩ পুলিশ ও এক সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন।
নিহত নেতাকর্মীরা হলেন- বড়ালী গ্রামের যুবদল কর্মী শরিফ হোসেন (৩০) এবং ফরিদগঞ্জ উপজেলার বারপাইকা আবদুল আলীর ছেলে আরিফ(২৪)।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ফরিদগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আহমেদ হোসেন সুলতান টিটু ও চাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সিরাজুল ইসলাম ২ জনের কথা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ফরিদগঞ্জ বাজারে অবস্থান নেয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে উপজেলা বিএনপির সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় সংঘর্ষ।
এ সময় বাজারের অন্যপ্রান্তে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ৩ পুলিশসহ বিএনপি ও আওয়ামী লীগের কমপক্ষে ২৫ নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার ওই তিনজন মারা যান।
এছাড়াও আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শায়েদ সরকার ও জেলা বিএনপি নেতা জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক।
