Skip to content

পাঁচনেতার জামিন শুনানি শেষ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ারসহ শীর্ষস্থানীয় পাঁচনেতার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. জরুহুল হকের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।

অন্য তিন নেতা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এরআগে গত ১৭ নভেম্বর এ পাঁচনেতার বিরুদ্ধে দেয়া রিমান্ড আদেশ স্থগিত করেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ।

তাদের রিমান্ড আদেশ স্থগিত করে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে অনুমতি দেয়া হয়।

তখন হাইকোর্ট আদেশে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠাতে হবে। পুলিশ প্রয়োজনে কারা ফটকে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

গত ১৪ নভেম্বর হরতালে সহিংতার অভিযোগের দায়ের করা দুই মামলায় এ পাঁচ নেতাকে আটদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্টেট আদালত।
গত ৯ নভেম্বর বিএনপির পাঁচ নেতাকে আদালতে হাজির করে ২টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। কিন্তু মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৪ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করেন আদালত। একই সঙ্গে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মতিঝিল থানার ৪৪(৯)১৩ নম্বর মামলার রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যমন্ত্রীর বাসায় বোমা হামলার ঘটনায় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে উক্ত আসামিদের পরিকল্পনা ও নির্দেশমতে গত ২৪ সেপ্টেম্বর সোয়া ১২টার দিকে এজাহার নামীয় ৫৪ জন আসামিসহ অজ্ঞতানামারা মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি ও ঝটিকা মিছিল বের করে রাস্তায় চলাচলরত গাড়িতে ভাংচুর, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের ওপর হামলা চালায়।

মতিঝিল থানার ১৬(১১)১৩ নম্বর মামলার রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর হরতালের সমর্থনে রাজধানীর কমলাপুর বাজার রোডস্থ নিউ আনার কলি বেকারির বিপরীত দিকের রাস্তায় উক্ত আসামিদের পরিকল্পনা ও নির্দেশমতো এজাহারনামীয় ৭৪ জন আসামি রাস্তায় চলাচলরত গাড়ি, ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
গত ৮ নভেম্বর এ পাঁচ নেতাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫