Skip to content

সচিবালয়ে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকালীন সরকারের নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দফতর বণ্টনের পর সপ্তাহের প্রথম দিন অফিস করা শুরু করেছেন। এর মধ্যে নতুন মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন স্ব স্ব মন্ত্রণালয়ের কর্মকতারা ও কর্মচারীরা। আবার পুরানো মন্ত্রীদের বিদায়ও জানিয়েছেন তারা।

রোববার সচিবালয়ে প্রথম দিন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং সবকিছু বুঝে নিচ্ছেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আর কর্মীদের পক্ষ থেকেও তাদের স্বাগত জানানো হচ্ছে।

সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রওশন এরশাদ সচিবালয়ে পৌঁছান। কর্মকর্তারা এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি কার্যালয়ে নিজের অফিসে বসেন।

ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আমির হোসেন আমুকে স্বাগত জানানো হয় সকাল সাড়ে ১০টায়। একই সময় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও মোস্তাফিজার রহমানকে বিদায় জানানো হয়। পরে সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জায়নামাজ ও তসবিহ উপহার দেন কর্মকর্তারা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া সালমা ইসলামও সকাল ১০টার মধ্যে নিজ কার্যালয়ে পৌঁছান। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি।

রোববার সকালে নিজ দফতরে আসেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন। এ সময় কয়েকজন শীর্ষ কর্মকর্তা তাকে স্বাগত জানান। মেনন বলেন, আমি আজ মন্ত্রণালয়ে পরিচিত হতে এসেছি। পরে কিছু কাজ কবরো।

পুরানো মন্ত্রীদের মধ্যে রেলের দায়িত্বে থাকা মো. মুজিবুল হক নির্বাচনকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আগের দায়িত্বের সঙ্গে এবার যোগ হযেছে সংস্কৃতি মন্ত্রণালয়। তারা দুজনও সকালে নতুন অফিসে এসেছেন।

নতুন আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানের তিন দিন পর গত বৃহস্পতিবার নির্বাচনকালীন মন্ত্রিসভার দফতর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তারা নিজ দফতরে আসতে পারেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫