Skip to content

বর্ষসেরা টেইলর সুইফট

বিনোদন ডেস্ক ॥ এ বছর আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের আসর থেকে বছরের সেরা শিল্পীসহ মোট চারটি পুরস্কার পেয়েছেন মার্কিন গায়িকা ও গীতিকার টেইলর সুইফট। ২৪ নভেম্বর তাঁর হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। টেইলর সুইফটের পাশাপাশি মার্কিন গায়ক ও অভিনেতা জাস্টিন টিম্বারলেক পেয়েছেন তিনটি পুরস্কার।

ভক্তদের ভোটে এ বছর আর্টিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন টেইলর সুইফট। এ ছাড়া ফেবারিট ফিমেল আর্টিস্ট (পপ/রক), ফেবারিট ফিমেল আর্টিস্ট (কান্ট্রি) এবং ফেবারিট অ্যালবাম (কান্ট্রি) বিভাগেও পুরস্কার পেয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এনিয়ে তৃতীয়বারের মতো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার আর্টিস্ট অব দ্য ইয়ার ঘরে তুললেন টেইলর সুইফট। এবারের আসরে মঞ্চ পরিবেশনায় অংশ না নিলেও, মার্কিন গায়ক কেন্ড্রিক লামার ও লুক ব্রায়ানের গানের সঙ্গে পা মিলিয়েছেন ২৩ বছর বয়সী এই ‘ফেয়ারলেস’ গায়িকা।

বিশ্বব্যাপী পপ সংগীতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখার স্বীকৃতি হিসেবে এ বছর আইকন পুরস্কারে ভূষিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ গায়িকা রিয়ান্না। বছরের সেরা নবাগত সংগীতশিল্পী নির্বাচিত হয়েছেন আরিয়ানা গ্র্যান্ড।

সেরা গায়ক (পপ/রক) ও সেরা গায়ক (কান্ট্রি) নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাস্টিন টিম্বারলেক ও লুক ব্রায়ান। বছরের সেরা গান নির্বাচিত হয়েছে ফ্লোরিডা জর্জিয়া লাইনের ‘ক্রুজ’।

এ ছাড়া সেরা ব্যান্ড দল (পপ/রক) হিসেবে পুরস্কৃত হয়েছে ওয়ান ডিরেকশন। সেরা ব্যান্ড দল (কান্ট্রি) নির্বাচিত হয়েছে লেডি অ্যান্টেবেলাম। ওয়ান ডিরেকশন ব্যান্ডের ‘টেক মি হোম’ বছরের সেরা অ্যালবামের (পপ/রক) পুরস্কার জিতে নিয়েছে। আর টেইলর সুইফটের ‘রেড’ অ্যালবামটি বছরের সেরা অ্যালবাম (কান্ট্রি) নির্বাচিত হয়েছে। সেরা সাউন্ডট্র্যাকের পুরস্কার পেয়েছে ‘পিচ পারফেক্ট’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫