Skip to content

চরম ঝুঁকিতে খালেদার জীবন

স্টাফ রিপোর্টার ॥ দূতাবাস এলাকায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাসা লক্ষ্য করে ‘বোমা হামলা’ আওয়ামী অস্ত্রধারীদের তাণ্ডবেরই ধারাবাহিক অংশ বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও তার জীবন চরম ঝুঁকিতে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

এসব ঘটানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সন্ধ্যায় শত শত র‌্যাব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারীর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন লক্ষ্য করে আওয়ামী দুস্কৃতকারীরা কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটায়।’

ফখরুল বলেন, ‘বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ৫ জানুয়ারির প্রহসনমূলক ও পাতানো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করতে গিয়ে বিরোধীদলীয় আন্দোলনকে যেভাবে সারাদেশে দমন-পীড়ন চালিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে হত্যা, গুম, গণগ্রেপ্তার ও অপহরণ করে চলেছে, তা আজ খোদ রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সুরক্ষিত দূতাবাস এলাকায় বিরোধীদলীয় নেত্রীর বাসা লক্ষ্য করে বোমা হামলা আওয়ামী অস্ত্রধারীদের সর্বগ্রাসী সন্ত্রাসী তাণ্ডবেরই ধারাবাহিক অংশ।’

তিনি বলেন, ‘বর্তমান ফ্যাসিষ্ট সরকারের একটাই লক্ষ্য যেকোনো উপায়ে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠরোধ করা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ গণতান্ত্রিক পদক্ষেপগুলোকে স্তব্ধ করাই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য।’

মির্জা আলমগীর বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় বেগম জিয়ার বাসভবন লক্ষ্য করে বোমা হামলা নিঃসন্দেহে জাতিকে স্তম্ভিত করেছে। এ ধরনের বোমা হামলার ঘটনায় এখনো কোনো দুস্কৃতকারী গ্রেপ্তার না হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও দুস্কৃতকারীদের গ্রেপ্তারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা ও তার জীবনের চরম ঝুঁকি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।’

মির্জা আলমগীর বলেন, ‘এই সমস্ত সন্ত্রাসী হামলা ও উস্কানীমূলক কর্মকাণ্ড বর্তমান চলমান আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ করতে পারবে না। এহেন কর্মকাণ্ডে উদ্ভুত যেকোনো পরিস্থিতির জন্য কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারকেই সমস্ত দায়-দায়িত্ব বহন করতে হবে।’

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘এ সমস্ত নৈরাজ্যকর কর্মকাণ্ড বন্ধ করুন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন, বিরোধীদলীয় নেতার নিরাপত্তা নিশ্চিত করুন।’

মির্জা আলমগীর অবিলম্বে বেগম জিয়ার বাসভবন লক্ষ্য করে দুস্কৃতকারী বোমা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫