স্পোর্টস ডেস্ক ॥ সময়টা কী খারাপই না যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের! ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দশা, বিদায় নিশ্চিত হয়েছে এফএ কাপের মঞ্চ থেকেও। গত রাতে ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে সান্ডারল্যান্ডের কাছে হারল ২-১ ব্যবধানে। গত ১৩ বছরে রেড ডেভিলদের টানা তিন ম্যাচে পরাজয়ের ঘটনা এই প্রথম।
খেলার ৬৩ মিনিটে ইউনাইটেডের টম ক্লেভারলি ডি-বক্সে বাজেভাবে ট্যাকল করে বসেন সান্ডারল্যান্ডের অ্যাডাম জনসনকে। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সান্ডারল্যান্ডের ফ্যাবিও বরিনি পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেননি।
এদিন হারের পেছনে ইউনাইটেড নিজেদের কপালকেই দুষতে পারে। কারণ সান্ডারল্যান্ড দুটো গোলই করেছে কপালগুণে! তাঁদের প্রথম গোলটি আসে রায়ান গিগসের পা থেকে! প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোল করে বসেন ইউনাইটেডের দীর্ঘদিনের সেনানী গিগস। অবশ্য ৫২ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান নেমানিয়া ভিদিচ।
সান্ডারল্যান্ডের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যচটি হারার পেছনে অবশ্য ইউনাইটেড কোচ ডেভিড ময়েস দায়ী করেছেন রেফারিকেই। রেফারির সিদ্ধান্ত প্রসঙ্গে ময়েস বলেন, ‘তাঁদের (রেফারি) কাণ্ড দেখে আমরা হেসেছি। ওই সময় আমাদের রেফারিদের বিপক্ষেও খেলতে হয়েছে।’ ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে ২২ জানুয়ারি, ওল্ড ট্রাফোর্ডে। দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে অবশ্য প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখলেন ময়েস, ‘এটি দুই লেগের খেলা। এখন দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে আছি।’ রয়টার্স ও ওয়েবসাইট।
এএইচ
