স্টাফ রিপোর্টার ॥ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) দশম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল থাকবে। পাশাপাশি দলটি মন্ত্রিসভায়ও থাকবে বলে জানিয়েছেন জাপা’র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।
বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে সংসদীয় দলের বেঠক শেষে ফিরোজ রশিদ সাংবাদিকদের এসব কথা জানান।
ফিরোজ রশিদ জানান, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শুক্রবার সিএমএইচ থেকে এসে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
এর আগে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ পাঠ করেন। পরে দলটির সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাপা’র সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয় রওশন এরশাদকে।
