Skip to content

বাণিজ্য মেলায় ১৬ দিনে সাড়ে ৩৪ লাখ টাকা ভ্যাট আদায়

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় রয়েছে। মেলার ১৬ দিনে ভ্যাট (মূল্যসংযোজন কর) আদায় হয়েছে ৩৪ লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন প্রায় ৩ লাখ টাকা ভ্যাট প্রদান করেছে, যা একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ভ্যাট আদায়ের এ প্রবৃদ্ধি সন্তোষজনক। মেলায় এবার স্টল সংখ্যা কম হলেও শেষদিন পর্যন্ত ভ্যাট আদায়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। মেলা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ছোট ও মাঝারিমানের স্টলগুলো পণ্যবিক্রির ওপর ক্রেতাদের কাছ থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভ্যাট আদায় করছে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর তাগিদ দেয়া সত্ত্বেও ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু বড় প্রতিষ্ঠানগুলো ইসিআর মেশিন ও সফটওয়্যার বা পস পদ্ধতিতে ভ্যাট কেটে রাখছেন। এতে করে এসব প্রতিষ্ঠানে ভ্যাট আদায় ও প্রদানে স্বচ্ছতা রয়েছে বলে মনে করছেন মেলায় দায়িত্ব পালনকারী সহকারী কাস্টমস কর্মকর্তা বীনা রানী চৌধুরী। জানা গেছে, গতবছর বাণিজ্য মেলায় ভ্যাট আদায় হয়েছিল ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ২০৫ টাকা। এ বছর ১৬ দিনে মোট আদায় হয়েছে ৩৪ লাখ ৪৫ হাজার ৯৭৯ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালটন, এর পরের অবস্থানে রয়েছে ফিট এ্যালিগ্যান্স ২ লাখ ৩ হাজার ৪৪০ টাকা। তৃতীয় ব্র্যাক এন্টারপ্রাইজ ৯৭ হাজার ৫৪৩ টাকা এবং চতুর্থ সনি র‌্যাংগস; তাদের দেয়া ভ্যাটের পরিমাণ ৯০ হাজার টাকা। মেলায় মূল্য সংযোজন কর (মূসক) আদায়কারী সোনালী ব্যাংকের প্যাভিলিয়ন ম্যানেজার মো. ফরিদ আহমেদ বলেন, এ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে মেলা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ছিল। ফলে সার্বিক বেচাবিক্রি প্রথম পর্যায়ে কম ছিল। শেষ পর্যন্ত রাজস্ব আদায় বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। মেলা ঘুরে দেখা গেছে, দেশীয় ইলেক্ট্রোনিক্স পণ্যের মধ্যে ওয়ালটন প্যাভিলিয়নে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ওয়ালটনের স্মার্ট মোবাইল, এলইডি টিভি, মোটরসাইকেল, ফ্রিজ ও বিভিন্ন আইটেমের গৃহস্থালী ইলেক্ট্রনিক্স পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। বিক্রিও হচ্ছে প্রচুর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫