স্পোর্টস ডেস্ক ॥ বিপদের ঘণ্টা বাজিয়ে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করলো বাংলাদেশ। এদিন স্কোরবোর্ডে কোন রান যোগ না করতেই দ্বিতীয় উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১১.৪ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে। এক প্রান্তে ব্যাট করছেন মার্শাল আইয়ুব (১১) ও অন্য প্রান্তে মুমিনুল হক (১)। আট উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে এখনো ৪৬২ রান পিছিয়ে টাইগাররা।
টেস্ট বাঁচাতে টাইগারদের যেখানে উইকেট আকড়ে ব্যাটিং করার দরকার, সেখানে দুর্দশার ইঙ্গিত দিয়ে নতুন দিনের খেলা শুরু করেছে মুশফিক বাহিনী। বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেছেন শামসুর রহমান। সামিন্দা ইরাঙ্গার বলে দিনেশ চান্ডিমালের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশী ওপেনার। ব্যক্তিগত নয় রান করে দশম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩৫ রানে আউট হন তিনি।
এর আগে বাংলাদেশ এক উইকেটে সংগ্রহ করা ৩৫ রান নিয়ে ব্যাটিং করতে নামে। কিন্তু টেস্টের চতুর্থ দিনের খেলায় কোন রান যোগ না করতেই উইকেট হারায় মুশফিকুর বাহিনী। যখন শামসুর নয় রান করে আউট হন। আর আগের দিনের খেলায় তামিম ১১ রান করে হেরাথের বলে আউট হন।
বাংলাদেশ ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৬৩.৫ ওভার ব্যাট করে ২৩২ রানে অলআউট হয়। এর জবাবে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ছয় উইকেটে ৭৩০ রান করে ইনিংস ঘোষণা করে।
