বাংলাভূমি২৪ ডেস্ক ॥ স্ত্রীর সঙ্গে গোপন পরকীয়ায় জড়িয়ে ঘাতক হয়ে উঠলেন এক বন্ধু। গভীর রাতে নিজ ঘরেই স্ত্রীর সহযোগিতায় বন্ধুর হাতে খুন হলেন নাসির হাওলাদার (৩৫) নামে এক যুবক।
বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামে।
শুক্রবার সকালে আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনে আরা বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।
নিহত নাসির পশ্চিম শৌলজলিয়া গ্রামের মৃত আমজাদ হাওলাদারের ছেলে। তিনি একজন দিনমজুর। তার বন্ধু উপজেলার কৈখালী গ্রামের নুর মোহাম্মদ হওলাদারের ছেলে খোকন হাওলাদার।
পুলিশ জানায়, দিনমজুর নাসিরের দীর্ঘদিনের বন্ধু ছিলেন খোকন। বন্ধুত্বের সুবাদে নাসিরের বাড়িতে খোকন নিয়মিতই যাতায়াত করতেন। এক পর্যায়ে নাসিরের স্ত্রী তিন সন্তানের জননী হোসনে আরা বেগমের সঙ্গে গোপন পরকীয়ায় জড়িয়ে পড়েন খোকন। ৮/১০ দিন আগে এক বিছানায় বিবস্ত্র অবস্থায় ধরা পড়েন হোসনে আরা ও খোকন। এর জের ধরে দুই বন্ধুর মধ্যে বিরোধ তৈরি হয়।
পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নাসির তার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দরজায় টোকা দেয় খোকন। হোসনে আরা দরজা খুলে দিলে ঘরের ভেতরে ঢোকেন খোকন। পরে ঘুমন্ত নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় খোকন। এসময় নাসিরের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে সেখানে। পরে আশঙ্কাজনক অবস্থায় নাসিরকে কাঁঠালিয়ার আমুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, নাসির হত্যার ঘটনায় স্ত্রী হোসনে আরাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতা খোকনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নিহতের ভাই সেহারাফ বাদী হয়ে মামলা দায়ের করছেন বলে জানিয়েছেন ওসি।
