Skip to content

নিজেকে সফল মনে করছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বসেরা টি-টোয়েন্টি দলের সঙ্গে দুই ম্যাচ টি-টোয়েন্টিতে শেষ বল পর্যন্ত লড়াই করে হেরেছে টাইগাররা। র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থেকেও এক নম্বর দলের সঙ্গে শেষ বল পর্যন্ত লড়াই করেছে মাশরাফির দল। প্রথম ম্যাচে ২ রানে হার আর দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হারলেও টি-টোয়েন্টিতে নিজেদের পারফরম্যান্স নিয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা।

টি-টোয়েন্টিতে নিজেদের ছোট ছোট ভুলের কারণে হারলেও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ছাড়দিতে রাজি নয় মাশরাফি। তাছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেই নিজে শতভাগ সফল হয়েছেন বলে মনে করেন দেশের সেরা এ পেসার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকেই অধিনায়ক হিসেবে চান তিনি।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ শেষে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বসেরা টি-টোয়েন্টি দলের সঙ্গে হারলেও নিজের পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি। কারণ দুটি ম্যাচেই আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি। আমরা জিততে পারিনি ছোট ছোট কিছু ভুলের কারণে। এ ম্যাচে আমরা নিজের পরিকল্পনা মত ব্যাটিং করতে পারিনি। সাকিব এবং আনামুল দারুণ খেলছিল। কিন্তু ওরা আগের ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ দুটি ক্যাচ ধরেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে হারলেও তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আরও ভালো করার প্রত্যয় নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা।

টি-টোয়েন্টিতে লড়াই করে হারের পর ওয়ানডে সিরিজের প্রত্যাশা নিয়ে মাশরাফি বলেন, ‘আমরা কিছু তরুণ ক্রিকেটার নিয়েই দারুণ লড়াই করেছি। ওয়ানডে সিরিজে আরও ভালো করতে চাই আমরা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে এ ম্যাচ থেকে কি শিক্ষা থাকবে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আমি কিন্তু আগেই বলেছি টি-টোয়েন্টিতে ভালো কিছু করবো। আমরা জিততে পারিনি সত্য, কিন্তু ভালো খেলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও ভালো করবো।’

জয় নির্ধারণী ফরহার রেজার শেষ বলটিতে বাউন্স দেয়ার কারণ নিয়ে তিনি বলেন, ‘শেষ বল নিয়ে আমার টার্গেট ছিলো। চার বাঁচিয়ে ড্র করার চেয়ে আমরা উইকেট নিতে চেয়েছিলাম। সেই পরিকল্পা নিয়েই বোলিং করেছে ফরহাদ। আসলে মাঠে প্রচুর শিশির পরেছে। যে কারণে পেস বল করতেই দারুণ কষ্ট হয়েছে। স্পিন বলে আরও সমস্যা হতো। মাঠ ভেজা হওয়ার কারণে বলও ভিজে গিয়েছিল। যে কারণে বলটি মনের মত হয়নি।’

টি-টোয়েন্টিতে নিজের অধিনায়কত্ব নিয়ে মাশরাফি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমি অধিনায়কত্ব করে সফল হয়েছি। আজ অনেক বোলারকে দিয়ে ম্যাচে বোলিং করিয়েছি। আমি আসলে দেখতে চেয়েছিলাম কে কেমন বোলিং করে। সবাই ভালো বোলিং করেছে। তবে আমরা যদি আর ১০/২০টা রান বেশি করতে পারতাম তাহলে ভালো হত। তারপরও মনে করি আমরা ভালো খেলেছি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫