স্পোর্টস ডেস্ক ॥ ১২ তম এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে বেশ হতাশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
ঘরের মাটিতে ২০১২ সালের এশিয়া কাপে ক্রিকেট ভক্ত ও দর্শকদের মন জয় করে প্রতিযোগিতাটির ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টটিতে ভারত ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে পেছনে ফেলেছিল টাইগাররা। কিন্তু এবার আরেকটি এশিয়া কাপের সাহ্নে নিজেদের নিয়ে তেমন ইতিবাচক কোন সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিক। যদিও এবারের টুর্নামেন্টটিও নিজেদের ঘরের মাটিতেই।
হতাশ মুশফিক আসন্ন এশিয়া কাপের দল নিয়ে বলেন, ‘শনিবার এশিয়া কাপের দল ঘোষণা করা হলো। কিন্তু কেমন দল দেয়া হলো? কে কে দলে থাকবে আমি তার কিছুই জানতাম না। অধিনায়কের সঙ্গে আলোচনা না করে দল ঘোষণা করায় হতাশ হয়েছি। আমি জানিনা কেন এমন করলেন নির্বাচকরা? তবে এমনও হতে পারে প্রধান নির্বাচক (ফারুক আহমেদ) নতুন আসায় আমাদের বুঝতে সমস্যা হচ্ছে।’
শ্রীলঙ্কা সিরিজেও কি অধিনায়ককে না জানিয়েই দল ঘোষণা করা হয়েছিল- এমন প্রশ্ন করা হলে মুশফিক জানান, ‘না, তখন সবাই আলোচনা করেই দল ঘোষণা করা হয়েছে। তবে এশিয়া কাপে দল গঠন নিয়ে আমার সঙ্গে কোন আলোচনা হয়নি। অথচ এবারই বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, তামিম চোটের জন্য খেলতে পারছে না। মাশরাফি ভাইও পুরো ফিট নন। আমি নিজেকে নিয়েও খুব নিশ্চিন্ত নই। তাই দল গঠনের আগে আলোচনার দরকার ছিল।’
এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে মুশফিক বলেন,‘আমরা শ্রীলঙ্কা সিরিজে ভালো করতে পারিনি। তাই এখন আমাদের প্রধান টার্গেট নিজেদের স্বাভাবিক খেলাটাকে ফিরিয়ে আনা। আমরা গত দুই বছর নিজের মাঠে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে অবশ্যই ভালো কিছু সম্ভব। এখন আমাদের প্রথম টার্গেট আফগানিস্তানকে হারানো। তারপর বড় বড় দলের সঙ্গে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’ এশিয়া কাপের দল নিয়ে খুশি কি না জানতে চাইলে তিনি বলে,‘এ প্রশ্নের উত্তর দেয়া কঠিন।’
প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। এরপর পহেলা মার্চে আফগানিস্তান, ৪ মার্চে পাকিস্তান ও ছয় মার্চে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। পরে প্রতিযোগিতার সেরা দুই দল খেলবে ফাইনাল।
