বিনোদন ডেস্ক ॥ পরপর দুটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন অগ্নিলা। বিজ্ঞাপন দুটি মার্চে প্রচারের কথা রয়েছে।
বিজ্ঞাপন দুটি হলো অমিতাভ রেজার নির্দেশনায় ‘নিহার শান্তি আমলা কেশ তেল’ এবং প্রীত রহমানের পরিচালনায় ‘আরএফএল ইটালিয়ানো’।
অগ্নিলা বলেন, “অমিতাভ ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিলো। কিন্তু কখনও তার সঙ্গে কাজ করা হয়ে উঠেনি। প্রথম কাজ করেছি। অনেক ভালো লেগেছে। আরএফএল-এর কাজটিও ভালো হয়েছে।”
২০০১ সালে গিয়াসউদ্দিন সেলিমের ‘বিপ্রতীপ’ ধারাবাহিকে ‘দীপা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন অগ্নিলা। দর্শক ও নির্মাতারা যখন তাকে নিয়ে স্বপ্ন দেখছেন, ২০০২ সালে তখনই তিনি পাড়ি জমান কানাডায়। তিনি দেশে ফেরেন ২০১০ সালে। ২০১২ সালে অভিনয় করেন গিয়াসউদ্দিন সেলিমের ‘রোদ’ ধারাবাহিকে। তারপর আবার কানাডায় চলে যান।
ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে ডেবলপমেন্ট স্টাডিজে স্নাতক অগ্নিলা জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হবেন। দুস্থ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন।
