স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে কিছু কিছু জায়গায় দুষ্কৃতিকারীর সংখ্যা বেশি থাকায় সহিংসতা নিয়ন্ত্রণ করা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অনেক সময় ভোটকেন্দ্রে সহিংসতা শুরু হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সহিংসতা আরো বাড়ে।’
নোয়াখালী সদর উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে নির্বাচনী বিধির ৮৮ ধারা মোতাবেক নির্বাচন স্থগিতসহ মোট ৩৪টি ভোট কেন্দ্র বন্ধ করা হয় বলে তিনি জানান।
বন্ধ হওয়া অন্য কেন্দ্রগুলোর ব্যাপারে তিনি বলেন, ‘যেসব কেন্দ্র সহিংসতার কারণে বন্ধ হয়ে গেছে সেগুলোতে ভোটের ব্যবধান বিবেচনা করে পুনরায় নির্বাচন দেয়া হবে।’
বিভিন্ন স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যালট বাক্স ছিনতাই বিচ্ছিন্ন ঘটনা। দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
এ সময় প্রচুর নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে দায়িত্বে ছিলেন জানিয়ে কাজী রকিব উদ্দিন বলেন, ‘২১৬ জন দুষ্কৃতিকারীকে শাস্তি এবং ৫ লাখ ৭০ টাকা জরিমানা করা হয়েছে।’
