স্পোর্টস ডেস্ক ॥ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দারুণ খুশি পাকিস্তান। এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে মিরপুরে শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ভারতের বিপক্ষে দুই বল বাকি থাকতেই এক উইকেট জয় পায় তারা।
রোববার ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক বলেন, ‘এশিয়া কাপে টিকে থাকার জন্য ভারতের বিপক্ষে এ ম্যাচে আমাদের জয় প্রয়োজন ছিল। ম্যাচের শুরু থেকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ছিল আমাদের। তবে শেষ মুহূর্তে আমরা দারুণ চাপে পরেছিলাম।’
জয়ের নায়ক আফ্রিদিকে নিয়ে তিনি বলেন, ‘শেষ ওভারে উইকেট হারালেও আমার বিশ্বাস ছিল আফ্রিদি যদি স্টাইক পায় তাহলে আমারা জিততে পারবো।’
এছাড়া তিনি বলেন, ‘আফ্রিদিকে নিয়ে অনেকই সমালোচনা করেন, এটা ঠিক নয়। আফ্রিদি মাঝে কিছুদিন রানে ছিল না। তবে সে অনেক বড় খেলোয়াড়। ব্যাটে রান না এলে বোলিংয়ে পুষিয়ে দেয়। ও এখনও দলের সেরা খেলোয়াড়।’
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে পাক অধিনায়ক বলেন, ‘আমরা জানি সাকিব আমাদের বিপক্ষে মাঠে নামবে। সে অনেক ভালো খেলোয়াড়। তাই স্বাগতিকদের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলতেই মাঠে নামবো। বাংলাদেশকে হালকা ভাবার কোনো উপায় নেই। আমরা তাদের শক্তি জানি। গত এশিয়া কাপের ফাইনালে দেখেছি তারা কতটা শক্ত দল। তাই সেটা ক্রিকেট খেলেই আমাদের জিততে হবে।’
