বিনোদন ডেস্ক ॥ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন জমজমাট। ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। এবারও নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানা গেছে। আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়।
শাকিব খান আর রুবেলের প্রতিদ্বন্দ্বিতা এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান আকর্ষণ। এদিকে বেশ কিছুদিন ধরেই লোকমুখে শোনা যাচ্ছেথ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শাকিব খান গত দুই বছর শিল্পীদের প্রতি কোনো দায়িত্ব পালন করেননি। এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের অসুস্থতার সময়ও পাশে থাকেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেতা বলেন, ‘নির্বাচন এলেই শাকিব খান সব শিল্পীর খোঁজখবর নেন। এরপর আর খবর থাকে না। গত দুই বছরে শাকিব খান ও মিশা সওদাগর শিল্পীদের জন্য তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করেননি। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।’
এদিকে শিল্পী সমিতির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, এরই মধ্যে শাকিব খান ফাইটার ও নাচের শিল্পীদের ভোট কেনার জন্য উঠেপড়ে লেগেছেন। প্রতিনিয়ত তাদের সঙ্গে রুটিনমাফিক দেখা করছেন।
এ বিষয়ে নাচের এক শিল্পী বলেন, ‘গত বছর আমরা শাকিবের কথা মতো ভোট দিয়ে অনেক ভুল করেছি। এবার আমরা যোগ্য ব্যক্তিকেই ভোট দেব।’
অভিযোগের বিষয়টি নিয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার দোহাই দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে ফেলেন। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ শরীফ।
