Skip to content

জামায়াত নিষিদ্ধ হতে যাচ্ছে, বাজেয়াপ্ত হতেপারে সম্পদ

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছে জামায়াতে ইসলামী । জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে৷এ মাসেই মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত রিপোর্ট দাখিল করবে প্রসিকিউশন৷ শনিবার এমন একটি প্রতিবেদন ছাপ হয়েছে ।

তদন্ত কর্মকর্তা মতিউর রহমানের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীকে একটি ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সারা দেশে যে সব মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তার সাথে জামায়াতের সম্পৃক্ততা রয়েছে ৷ তাঁরা এই অপরাধ প্রমাণের জন্য বিভিন্ন ডকুমেন্ট, তথ্য ও দলটির অর্গানোগ্রামসহ অন্যান্য তথ্য সংগ্রহ করেছেন ৷ তিনি আরও জানান, মুক্তিযুদ্ধকালীন এই দলটির যুদ্ধাপরাধ পরবর্তী সময়ে দলটির নানা কার্যক্রমও তদন্ত হচ্ছে৷

মতিউর রহমান বলেন, ‘‘তদন্তে প্রমাণিত হয়েছে ১৯৭১ সালে জামায়াতে ইসলামী দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয় ৷ শুধু তাই নয়, বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, লুটতরাজসহ আরো অনেক অপরাধ হয়েছে জামায়াতের সাংগঠনিক সিদ্ধান্তে ৷ দলীয় সিদ্ধান্ত নিয়ে জামায়াত পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করে এবং এজন্য রাজাকার, আলবদর ও আল শামসসহ নানা বাহিনীও গঠন করে৷ আর এসব বাহিনীর নেতৃত্বে ও মাঠ পর্যায়ে জামায়াতের নেতা-কর্মীরা ছিলেন ৷ এর বিনিময়ে জামায়াত আর্থিক সহায়তাও নিয়েছে৷” তদন্ত কর্মকর্তা আরো বলেন, তাঁদের কাছে জামায়াতের দলীয় সিদ্ধান্তের তথ্যপ্রমাণ এবং কাগজপত্র আছে৷

ট্রাইব্যুনালের প্রসিকিউটর এ্যাডভোকেট রাণা দাসগুপ্ত বলেন, ‘‘জামায়াত নেতাদের বিচারের একাধিক রায়ে জামায়াতকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ বলা হয়েছে, জামায়াত পাকিস্তানি বাহিনীর সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে৷ আর ট্রাইব্যুনালের আইন সংশোধন করে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচারের বিধান করা হয়েছে৷ ট্রাইব্যুনাল আইনের ২০ ধারায় বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- অথবা ট্রাইব্যুনাল যে রকম শাস্তি দেয়া যৌক্তিক মনে করেন৷” তাহলে জামায়াতের বিচার হলে চেইন অব কমান্ডেরও বিচার হবে কিনা? এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, ‘‘না, এখানে শুধু সংগঠনের বিচার হবে৷ জামায়াতের জড়িত নেতাদের বিচারতো চলছেই৷ তাদের ব্যক্তিগত অপরাধের বিচার ব্যক্তিগতভাবে করার বিধান আছে আইনে৷ এখানে শুধু সংগঠনের বিচার হবে৷” সংগঠনের শাস্তি কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আইনে বিচারকদের ক্ষমতা দেয়া আছে৷ তাঁরা যা যৌক্তিক মনে করবেন, সেই শাস্তি দিতে পারবেন৷ কিন্তু সংগঠনকে তো আর মৃত্যুদ- দেয়া যায়না৷ তাই বিচারে জামায়াত দোষী প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ হতে পারে৷ দলের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫