স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনগণের অধিকার রক্ষায় ভোক্তা অধিকার আইন আরও সময়োপযোগী করা হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৪ উপলক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে। তোফায়েল আহমেদ বলেন, ভোক্তা অধিকার রক্ষা আইন সংশোধন করার লক্ষ্যে ইতোমধ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। খুব শীগ্রই এ আইন সম্পন্ন করা হবে।
এছাড়া দেশের সাধারণ জনগণের অধিকার রক্ষায় জাতীয় কনজুমার সেন্টার স্থাপন করা হবে যেখানে ভোক্তারা তাদের অধিকার আদায়ে অভিযোগ করতে পারবেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের মধ্যে কোন মত পার্থক্য নেই।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ।
