Skip to content

অফার পেলে বাংলাদেশে আসবেন বিদ্যা

বিনোদন ডেস্ক ॥ বিদ্যা বালান। একজন অভিনেত্রী। বোম্বে সিনেমা জগতে বর্তমানে যে ক’জন শিল্পী শীর্ষে রয়েছেন তাদের একজন তিনি। অভিনয় শুরু করেছিলেন আজ থেকে ৯ বছর আগে। তার প্রথম অভিনীত ছবি ‘পরিণীতা’। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন। চলে আসেন আলোচনার শীর্ষে। ‘পরিণীতা’ থেকেই তারা সফলতা শুরু এবং অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পুরস্কার লাভ। ভারতে এমন অভিনয় শিল্পী খুব কমই আছেন যিনি চার বছরের মধ্যে টানা তিন বছর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অনেকে অভিনেত্রী আছেন যাদের পুরস্কারের জন্য কয়েক বছর অপেক্ষা করতে হয়। অভিনয়ে যদি জাদু থাকে, মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে তাহলে সেই শিল্পীকে পিছনে তাকাতে হয় না। এমনই একজন শিল্পী বিদ্যা বালান।
গত ১১ই মার্চ তিনি এসেছিলেন বিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত নিউ ইয়র্ক সিটিতে। আমন্ত্রণ জানিয়েছিল আইফা অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। আগামী ২৩শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিল সমুদ্রপাড়ের নগরী ফ্লোরিডার টেম্পোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আইফা। এ উপলক্ষে আয়োজকরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। এতে প্রধান অতিথি তিনি ছিলেন বিদ্যা বালান। সংবাদ শেষে মুখোমুখি হয়েছিলেন ‘ঠিকানা’র। ঠিকানার নাম এবং বাংলাদেশী বলতেই প্রতিবেদকের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, নমস্কার। কেমন আছেন? আমি বাংলা বলতে পারি। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার সকল ভক্তকে ভালবাসি। বাংলাদেশী ভক্তদেরও ভালবাসি। সবাইকে আমন্ত্রণ জানালেন আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার জন্য। অফার ফেলে বাংলাদেশে যাবেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই জানে আমি লোভী অভিনেত্রী। এ লোভ অন্য কোন লোভ নয়। অভিনয়ের লোভ। আমি যদি ভাল অফার পাই তাহলে অবশ্যই বাংলাদেশে যাবো এবং বাংলা ছবিতে অভিনয় করবো। তবে অফার পাওয়ার পর আমাকে দেখতে হবে ছবির চিত্রনাট্য, কাহিনী এবং সংলাপ। সব কিছু পছন্দ হলে অবশ্যই বাংলাদেশে যাবো। তিনি আরও বলেন, আমি এখনও বাংলাদেশে যাইনি। গুন্ডে ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হয়েছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি জানি না এবং ছবিটিও দেখিনি। সুতরাং এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। অভিনয় জগতে আপনার আইডল কে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই আমার আইডল। মাধুরী দীক্ষিত, রেখা, শ্রীদেবী, জয়া বচ্চন, মীনাক্ষীসহ আরও অনেকে। আপনারা নতুন ছবি শাদি কে সাইড ইফেক্ট-এ সংসার জীবনের অনেক সমস্যা দেখানো হয়েছে, আপনিও কিছু দিন আগে বিয়ে করেছেন, আপনার ছবির সাথে বাস্তবের কোন মিল আছে কি- প্রশ্নটি করার সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন। হাসি থামিয়ে বলেন, ছবি আর বাস্তবের মধ্যে ব্যবধান থাকে। আপনারা জানেন, আমি প্রেম করে বিয়ে করেছি। আমি আমার স্বামীকে অনেক বেশি ভালবাসি। আমাদের সংসারে কোন অসুবিধা নেই। আমরা ভালই আছি এবং সংসার জীবন এনজয় করছি। ভারতের রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজেকে গর্বিত মনে করছি। এটা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এ কথা প্রসঙ্গে বললেন, আমি যখন ১১ই মার্চ সকালে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করি তখন ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাবো? আমি বললাম আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সে অফিসার তখন বললো, আমি তোমাদের ছবি দেখি, তোমার ছবিও দেখেছি। এ কথা শুনে আমার খুবই ভাল লাগলো। এরপর ইমিগ্রেশন অফিসার আর কিছু না বলে আমাকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫