বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার মোট ১১টি দেশকে পোলিওমুক্ত বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্য দেশগুলো হলো- ভুটান, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিমোর-লেসটি। জনস্বাস্থ্য, মহামারী, ভাইরোলজি, ক্লিনিক্যাল মেডিসিন ও এর সঙ্গে সম্পৃক্ত ১১ বিশেষজ্ঞের একটি নিরপেক্ষ প্যানেল এ বিষয়ে দু’দিনের পর্যালোচনা করেন। তারা পর্যালোচনা করে দেখেন যে, এ অঞ্চলের ১১টি দেশ যে তথ্য প্রমাণ দিয়েছে তার ভিত্তিতে এ অঞ্চলকে পোলিও মুক্ত ঘোষণা করা যায় কিনা। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, বিশেষজ্ঞ প্যানেল যাচাই বাছাই করে দেখেন এ অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণার সনদ দেয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পেরেছে কিনা। কোন একটি অঞ্চলকে পোলিও মুক্ত ঘোষণা করার জন্য কতগুলো শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পোলিও ভাইরাস দেখা দেয়ার সর্বশেষ ঘটনার পর তিন বছর আর কোন পোলিও না হওয়ার রেকর্ড। পোলিও ভাইরাস শনাক্ত করতে ব্যতিক্রমী গবেষণা। এমন তরো আরও বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। এ শর্ত পূরণ করার কারণে বাংলাদেশ ও অন্য ১০টি দেশ পোলিও মুক্ত হওয়ার সনদ পাচ্ছে। ওই বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বসবাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোট ৬টি অঞ্চলকে পোলিও মুক্ত হওয়ার সনদ দিচ্ছে। তার মধ্যে বাংলাদেশ চতুর্থ। এর অর্থ বিশ্বব্যাপী পোলিও দূরীকরণের ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটেছে যে সব দেশে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তের ফলে বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে শতকরা ৮০ ভাগ মানুষ পোলিও মুক্ত অঞ্চলে বসবাস করছে। গতকাল ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে দেয়া ওই বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, সরকারি-বেসরকারি সংগঠন, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এ অঞ্চল থেকে পোলিও মুক্ত করতে লাখ লাখ স্বাস্থ্যকর্মী কাজ করছেন। এই মুহূর্তটি তাদের বিজয়ের ক্ষণ। আমরা সবাই মিলে কাজ করলে আমাদের সন্তানদের জন্য কি করতে পারি এটা তার একটি নমুনা।
বাংলাদেশ পোলিও মুক্ত
আপডেট :March 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
