বাংলাভূমি২৪ ডেস্ক ॥
অনেকদিন আড়ালে থাকার পর ফের সরব হচ্ছে হেফাজত। চট্টগ্রামের লালদিঘী ময়দানে এপ্রিলের প্রথম সপ্তাহে শানে রেসালত সম্মেলনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চায় সংগঠনটি। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে শোডাউন করে নতুনভাবে আলোচনায় আসবে হেফাজতে ইসলাম। সংগঠনের নেতারা আশা করছেন দুই দিনব্যাপী এই সম্মেলনে লক্ষাধিক লোক অংশগ্রহণ করবেন।
হেফাজতের এক নেতা নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা এই সমাবেশটি বাধ্য হয়েই চট্টগ্রামে করছেন। কারণ গত বছরের ৫ মে ঢাকার শাপলা চত্বরের ঘটনার পর থেকে রাজধানীতে কোনো ধরনের র্যালি বা সমাবেশ করতে সরকারের অনুমতি পায়নি হেফাজত। শাপলা চত্বরের ঘটনার পর এটাই সংগঠনটির প্রথম কোনো বড় সমাবেশ। এজন্য তা সফল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি হেফাজত নেতারা আগামী ৩ এপ্রিল এই ‘রেসালাত সম্মেলন’ এর ঘোষণা দিয়েছিলেন। তবে চলমান আইসিসি টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দুই দিনব্যাপী সম্মেলনটি পেছানো হতে পারে বলেও জানা গেছে। ঘোষিত তারিখে কোনো ক্রিকেট ম্যাচ না থাকলেও বিশ্বকাপ উপলক্ষে দেশে আগত বিদেশী অতিথিরা যেন নিরাপদে নিজ নিজ দেশে ফিরতে পারেন তা নিশ্চিত করার জন্য সমাবেশের সময়সূচি দু’একদিন পেছানোর অনুরোধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
তবে চট্টগ্রাম মহানগর পুলিশের কাছ থেকে সম্মেলনের বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। ইতিমধ্যেই সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, হেফাজত নেতারা গত বছরের ১২ ও ১৩ ডিসেম্বর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী সমাবেশটি অনুষ্ঠানের ঘোষণা দিলেও চট্টগ্রাম মহানগর পুলিশের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হন। এর প্রতিবাদে সংগঠনটি ১৫ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।
নতুনবার্তা ডেস্ক
