Skip to content

অর্থনৈতিক অঞ্চল জমি পায়নি!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের কাছে করা বিভিন্ন সুপারিশের মধ্যে এক বছর আগে নেওয়া ৪৭৪টি সিদ্ধান্তের মধ্যে গত এক বছরে বাস্তবায়িত হয়েছে ৪৩৬টি, শতকরা হিসেবে যার হার ৯২ শতাংশ।

এদিকে, মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ডিসি সম্মেলন-২০১৪’-এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে দেওয়া গত বছরের সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

‘ডিসি সম্মেলন-২০১৩’-এর আগে ডিসিদের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগভিত্তিক এসব সুপারিশ করা হয়। ডিসি সম্মেলনে ৪৭৪টি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চূড়ান্ত করা হয়েছিল। সরকারের সিদ্ধান্তে মাঠ প্রশাসন তথা জেলা প্রশাসকেরাই তা বাস্তবায়ন করেন।

প্রতিবেদন অনুযায়ী, ডিসি সম্মেলনে স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে প্রস্তাবনা দিয়ে থাকেন ডিসিরা। আর এসব সিদ্ধান্তও বাস্তবয়িত হয় তিন মেয়াদে।

স্বল্পমেয়াদী ১৫৯টির মধ্যে বাস্তবায়িত বা নিষ্পন্ন হয়েছে ১৫৩টি, বাস্তবায়নাধীন ৬টি এবং বাস্তবায়ন হার ৯৬ দশমিক ১২ শতাংশ।

মধ্যমেদয়াদী ১৫০টির মধ্যে বাস্তবায়িত হয়েছে ১৩৮টি, বাস্তবায়নাধীন রয়েছে ১২টি, আর ৯২ শতাংশ বাস্তবায়নের হার।

অপরদিকে, দীর্ঘমেয়াদী ১৬৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ১৪৫টি ও বাস্তবায়নাধীন রয়েছে ২০টি। বাস্তবায়নের হার ৮৭ দশমিক ৮৮ শতাংশ।

বাস্তবায়নাধীন রয়েছে ৩৮টি সিদ্ধান্ত।

প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত অগ্রগতি প্রতিবেদনে স্বপ্ল মেয়াদে সিদ্ধান্তের মধ্যে অর্থনৈতিক অঞ্চল সৃষ্টির লক্ষ্যে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর প্রেরণ, ভূমিহীনদের জন্য গ্রোথ সেন্টার নির্মাণে প্রস্তাব প্রেরণ এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে আয়বর্ধনমূলক প্রকল্প গ্রহণে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানানো হয়।

মধ্য মেয়াদী সিদ্ধান্তে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলো প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করতে কেন্দ্রগুলোকে টেকসই করা, এনজিওদের আইন বহির্ভূত কাজে জড়িত থাকলে জেলা আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

আর দীর্ঘ মেয়াদী সিদ্ধান্তে উত্তরা ইপিজেডকে সৈয়দপুর রেল জংশনের সঙ্গে যুক্ত করতে গঠিত কমিটি কার্যক্রম শুরু করেছে। এই ইপিজেডে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করাতে সিদ্ধান্ত হয়। কিন্তু বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যথাযথ থাকলেও গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনাধীন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

দীর্ঘ মেয়াদী সিদ্ধান্তে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয় বিবেচনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা বলা হয়।

কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রতিবেদনে সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে জানানো হয়, মাত্র ১১৪.৮৫ একর জমিতে এই অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব পাওয়া গেছে। বেপজা হতে জানানো হয়েছে, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ১১৪.৮৫ একর জমি যথেষ্ট নয়, আরও জমির প্রয়োজন।

“আরও অধিক জমি পাওয়া সম্ভব নয় বিধায় উল্লিখিত জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসক, ময়মনসিংহ অনুরোধ জানিয়েছেন।”

প্রতিবেদনের মন্তব্যের ঘরে এ বিষয়টি ‘নিষ্পন্ন’ দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ মোট ৪৮টি মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়ের আওতায় এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছরের সম্মেলনে ২০টি কার্য অধিবেশনে ৪৬টি মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয় অংশ নেয়।

গত রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনে এ বছরের ডিসি সম্মেলনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

এবারের সম্মেলনের ২০টি অধিবেশনে ৩০৭টি প্রস্তাবের ওপর আলোচনা হবে। ৩৯টি মন্ত্রণালয় ও বিভাগ আলোচনায় অংশ নেবে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫