স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর থেকে গোপন বৈঠক করার সময় জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে জাকির হোসেন রোড়ের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডা. শফিকুল ইসলাম মাসুদ (৩৮), জামায়াতের মোহাম্মদপুর থানা শাখার আমির জিয়াউল হাসান (৫৭), ৪৪ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাহবুবুর রহমান (৩২), জামায়াতের সমর্থক আব্বাস মিয়া (৩০), কামরুল হাসান (৩২), ছগীর (২৮), লোকমান হোসেন (৪২), সৈয়দ আহম্মদ আলী (৩৭), ইব্রাহিম (৩০), আল-আমিন (৩২), মাহে আলম (২৮), কর্মী মনির হোসেন (৩৫), ইউসুফ (৪৩), ইব্রাহীম মনির (৫৪), মাজহারুল ইসলাম হীরা, হাবিব (২৫), আবদুল হালিম, নূর আমীন (২৬), মনির হোসেন (৩৫), মুশফিক (২৮)।
এ ব্যাপারে মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটকদের মধ্যে শিবিরের সাবেক সভাপতি ও জামায়তের বর্তমান কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন।
তিনি জানান, মূলত সরকার বিরোধী ষড়যন্ত্র করতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বর্তমানে তাদের মোহাম্মাদপুর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
