Skip to content

“গণতন্ত্রের আড়ালে স্বৈরশাসন”

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করে বলেছেন, ‘গণতন্ত্রের আড়ালে স্বৈরশাসনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় থাকতে চায়।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাতিলের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রফিকুল ইসলাম মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘তিনি বাবার মতো বাকশাল কায়েম করে ভুল করবেন না। তিনি গণতন্ত্রের আড়ালে একদলীয় শাসন চালিয়ে যেতে চান।’
নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা সংবিধানবিরোধী। সংবিধানের ৩৯ ধারায় স্বাধীন মতপ্রকাশের কথা বলা হলেও ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালায় সেই অধিকার সম্পূর্ণ ক্ষুণ্ন করা হয়েছে।’
সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকারের দুর্নীতি, গুম ও হত্যা যাতে জনগণের কাছে প্রকাশ না পায়, সে জন্য সম্প্রচার নীতিমালা করে চিরদিন ক্ষমতায় থাকতে চায়।’
তিনি বলেন, ‘আইয়ুব, ইয়াহিয়া আমল এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর পিতা চারটি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারেননি। বর্তমানেও জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।’
সাংবাদিকদের উদ্দেশে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সাংবাদিকরা বিভক্ত না হলে আজকে সম্প্রচার নীতিমালা হতো না।’
পেশা রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভিন্নমত ভুলে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান মতপ্রকাশের অধিকার হরণ করে পতন ঠেকাতে পারেননি। কোনো সম্প্রচার নীতিমালা বর্তমান সরকারের পতন ঠেকাতে পারবে না। কারণ কোনো ফ্যাসিবাদী জন্ম দেওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি।’
ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ড. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫