Skip to content

“আন্দোলন দমনে সরকারের সব প্রস্তুতি রয়েছে”

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির আন্দোলন দমনে সরকারের সব রকম প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি আবার গণহত্যা করলে, বিদ্যুতের লাইন তুলে ফেললে ও জনগণের জানমাল নষ্ট করলে সরকার কঠোর হাতে তা দমন করবে। আইনশৃঙ্খলা বাহিনী সচেতন। বিএনপির আন্দোলন দমনে সরকারের সব প্রস্তুতি রয়েছে।’
আমির হোসেন আমু বলেন, ‘ রাজনৈতিক অধিকার মানে এই নয় যে আপনারা গণহত্যা করবেন, নারী নির্যাতন করবেন, বাসযাত্রীদের পুড়িয়ে হত্যা করবেন,গাছ কাটবেন, সহিংসতা করবেন। আন্দোলনের নামে এবার কোনো সহিংসতা করতে দেওয়া হবে না।’
বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘ যেসব দেশে বঙ্গবন্ধুর খুনীরা আছেন সেসব দেশের নিজস্ব আইন রয়েছে। এজন্য তাদের ফিরিয়ে আনা যাচ্ছে না। তবে সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাদের এদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।’
আমু বলেন, ‘আপাত দৃষ্টিতে ১৫ আগস্ট হত্যাকাণ্ড একটি পারিবারিক হত্যাকাণ্ড মনে হলেও পরবর্তীতে জাতীয় চারনেতার হত্যা ও রাষ্ট্রীয় চার মূলনীতির পরিবর্তন প্রমাণ করে ১৫ আগস্ট হত্যাকাণ্ড ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতি বিপ্লব।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামছুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক নেতা বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫