বিনোদন ডেস্ক
প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুরের মধ্যকার ঠান্ডা যুদ্ধর কথা কম-বেশি সবারই জানা। বাতাসে ভেসে বেড়ানো সব দ্বন্দ্ব ভুলে দু’জন একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিলেন।
ইউনিসেফের একটি ডকু-ড্রামায় দেখা যাবে তাদের। কন্যাশিশু ও নারী শিক্ষা উন্নয়নের প্রচারে তৈরি হয়েছে এটি। ভিডিওটি নিবেদন করবেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা।
কিছুদিন আগে গ্রামীণ সমাজে মেয়েদের মাধ্যমিক শিক্ষার প্রচারে কাজ করেছেন কারিনা। এমনকি সুবিধাবঞ্চিতদের শিশুদের মাঝে গেলো রোজার ঈদ উদযাপন করেছেন তিনি। তার এসব কাজে মুগ্ধ হয়ে প্রিয়াঙ্কাই ভিডিওটিতে কাজ করার প্রস্তাব দেন বেবোকে (কারিনার ডাকনাম)। সম্মতি জানাতে একটুও দেরি করেননি নবাবপতœী।
ইউনিসেফের তারকা পরামর্শদাতা হিসেবে সম্প্রতি লন্ডনে এক নৈশভোজের আয়োজন করেন কারিনা। এখানে তার শাশুড়ি ইউনিসেফের শুভেচ্ছাদূত শর্মিলা ঠাকুর এবং ইউনিসেফের প্রতিনিধিরা ছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথিদের কাছে সুবিধাবঞ্চিত শিশুদের মানোন্নয়নে অর্থদানের আহ্বান জানান কারিনা।
প্রিয়াঙ্কার সঙ্গে প্রতিযোগিতা ও বিতর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে কারিনা জানান, তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। তার দাবি, বলিউডের বেশিরভাগ অভিনেত্রীদের সঙ্গে তার দ্বৈরথ সংবাদমাধ্যমের মুখরোচক গল্প ছাড়া আর কিছু নয়। উল্টো সবার সঙ্গেই নাকি সুসম্পর্ক বজায় রেখে চলেন তিনি।
কারিনার হাতে এখন আছে সালমান খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি। এটি পরিচালনা করবেন কবির খান। অন্যদিকে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘মেরি কম’ মুক্তি পাবে আগামী ২ অক্টোবর। এ ছাড়া তার হাতে আছে জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’, সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ এবং মধুর ভান্ডারকরের ‘ম্যাডামজি’।
