স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধীদের বাদ দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘ইনক্লুসিভ ডেভোলপমেন্ট: মেইনস্ট্রিমিং দ্য চ্যালেঞ্জড পিপল’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের ব্যাপারে খুবই সংবেদনশীল। এ সরকারের আমলেই প্রতিবন্ধী সুরক্ষা আইন পাশ করা হয়েছে। কেননা প্রতিবন্ধীদের বাদ দিয়ে মধ্যম আয়ের দেশের রূপরেখা বাস্তবায়ন করা সম্ভব নয়।’
প্রতিবন্ধীদের অবশ্যই গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তোফায়েল বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই জনগোষ্ঠী। তাই তাদের সব ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। সুরক্ষা আইন বাস্তবয়নের জন্য সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে সঙ্গে আলোচনা করা হবে।’
তিনি বলেন, ‘বিসিএসসহ সব চাকরিতে প্রতিন্ধীদের জন্য যে কোটা রাখা হয় সেই কোটা সঠিকভাবে যেন বাস্তবায়ন করা হয় সেদিকে লক্ষ রাখতে হবে। সেই সঙ্গে তাদের সব সার্ভিস সেক্টরে প্রাধান্য দিতে হবে।’
সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে ফলে কৃষি ক্ষেত্রে উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নব্বই এর দশকে দেশের জিডিপির ৭৫ ভাগ কৃষি খাত থেকে আসলেও বর্তমানে বৃদ্ধি পেয়ে তা ৮০ ভাগে পৌঁছেছে।’
পিকেএসএফের সাধারণ পর্ষদ সদস্য মুন্সি ফয়েজ আহমদের সভাপত্বিতে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. গোলাম এহিয়া। সেমিনারে আরিফুর রহমান ও গোলাম এহিয়া প্রতিবন্ধীদের উপর দুটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
