Skip to content

গাজীপুরে শিবিরের রশিদসহ ১৭ প্রেস মালিক-কর্মচারী আটক

স্টাফ রিপোর্টার ॥ সরকারবিরোধী লিফলেট ও ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রশিদসহ তিন ছাপাখানার মালিক ও ১৪ কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের মুন্সি পাড়া এলাকার বি-বাড়িয়া প্রেস, ন্যাশনাল প্রেস, রব প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ওইসব লিফলেট জব্দ ও ১৭ জনকে আটক করা হয়।
পরে বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এক সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
আটকরা হলেন- ন্যাশনাল প্রিন্টিং প্রেসের মালিক সামসুল হক ও মাওলানা মো. মোহসীন আহম্মদ, আবজাল প্রিন্টিং প্রেসের মালিক মো. আফজাল হোসেন, ন্যাশনাল প্রেসের কর্মচারী হানিফ (২৮) সোহেল (২৬), রুবেল (২৬), শাহাদত আলম(৫০), সুমন (১৮) জসিম (৩৩), সোহেল (২৩), রুবেল (২২), মাসুদ (২৪), বি-বাড়িয়া আর্ট প্রেসের কর্মচারী আবুল হোসেন (৪১), নাহিদ পারভেজ (২৬) রব আর্ট প্রেসের আ. রাজ্জাক (৪৫), আতাউর রহমান (৪৪), কুমিল্লার দাউদ কান্দি হাসনাবাদ এলাকার এক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ফখর উদ্দিন (২৪)।
পুলিশ সুপার জানান, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের ২০ টাকা, ৫০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা ও ১ হাজার টাকার চাঁদা আদায়ের এসব রশিদে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বারের স্বাক্ষর রয়েছে। সংগঠনের নামে এসব রশিদ দিয়ে আদায় করা টাকায় তারা সরকার বিরোধী কর্মকান্ড এবং নাশকতামূলক কাজ পরিচালনা করছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশীদের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা, পরিদর্শক আলম চাঁদ, গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমির হোসেন প্রমুখসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জব্দ করা লিফলেটে লেখা রয়েছে- ‘আওয়ামী জালিম সরকার জগদ্দল পাথরের মতই জাতির ঘাড়ে চেপে বসেছে। মানবতা বিরোধী অপরাধের ধোঁয়া তুলে তারা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধের নজির প্রতিনিয়ত উপস্থাপন করে চলছে। ছাত্রশিবিরকে দমনে তারা হীন সব চক্রান্ত নিয়ে ময়দানে তৎপর।
অধ্যাপক গোলাম আজমের জানাজায় আমরা নতুন করে শপথ বদ্ধ হয়েছি। আমীরে জামায়াত মাওলানা নিজামীসহ ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতা-কর্মীদের ওপর যে অবিচার নির্যাতন চলছে, তার প্রতিবাদে আমরা রাজপথে থাকবো।
আপনাদের সহযোগিতা ছাত্রশিবিরকে টিকে থাকতে ও সমৃদ্ধ করতে সহায়তা করছে। আপনারা জানেন, আপনার পাশের আহত শিবির কর্মীর কথা, জানেন তার পরিবারের কথা। এরকম আরো অসংখ্য ভাই, অসংখ্য পরিবার সারা দেশে ছড়িয়ে আছে। কাজেই এ কঠিন সময়েও আপনার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন এটাই আমাদের বিশ্বাস।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫